0%

ফের ভোলবদল! আবারও কি তবে চড়া গরমে পুড়বে দক্ষিণবঙ্গ?

সবদিক নিউজ: দিন কয়েকের সাময়িক স্বস্তি কাটিয়ে ফের একবার ভোলবদল করতে চলেছে বাংলার আবহাওয়া। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমলেও, সেই সুখকর পরিস্থিতি এবার শেষ হতে চলেছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বাড়তে শুরু করবে দিনের তাপমাত্রা। যার জেরে জুন মাসের প্রথম দিন, অর্থাৎ সোমবার থেকেই ফের একবার চড়া গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি মাথাচারা দিয়ে উঠবে। ফলে আবারও কি চৈত্র-বৈশাখের মতো গরমে হাঁসফাঁস দশা হতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর, এই আশঙ্কাই এখন দানা বাঁধছে সকলের মনে।

রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে দেখা গিয়েছে চড়া রোদ। বেলার দিকে মহানগরের আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা থাকলেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আজ কলকাতায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় সকালের দিকে কিছুটা আরামদায়ক আবহাওয়া থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ অস্বস্তি বাড়াবে। 

তবে আবহাওয়া দফতর এও জানিয়েছে যে, রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিকেল অথবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টিপাত হতে পারে। কিন্তু এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়া আটকাতে পারবে না। সোমবার থেকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা ফের উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বলে আবহাওয়াবিদেরা পূর্বাভাস দিয়েছেন।

অন্য দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানানো হয়েছে। তবে এই বিরতি দীর্ঘস্থায়ী হবে না, কারণ আগামী মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে ফের নতুন করে বৃষ্টির দফার শুরু হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি— এই তিন পাহাড়ি ও সংলগ্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। ফলে উত্তরবঙ্গে বর্ষার আমেজ বজায় থাকলেও দক্ষিণবঙ্গকে আপাতত চড়া গরমের মুখোমুখি হতেই হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker