India News: পরিবেশ দিবসে বড় পদক্ষেপ, দুধের প্যাকেটে বদল আনল মাদার ডেয়ারি!

কলকাতা : পরিবেশ দূষণ রুখতে ও প্লাস্টিকের ব্যবহার কমাতে এক অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় দুধ সরবরাহকারী সংস্থা ‘মাদার ডেয়ারি’। গতকাল নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, তারা এমন একটি নতুন ধরণের দুধের প্যাকেট (পাউচ) আনতে চলেছে, যা মাটিতে ফেললে প্রাকৃতিকভাবে মাটিতে মিশে যাবে। এর ফলে পরিবেশে প্লাস্টিকের কোনও অস্তিত্ব থাকবে না।
ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড-এর সম্পূর্ণ মালিকানাধীন এই সংস্থা প্রতিদিন দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ৫৫ লক্ষ লিটার তরল দুধ সরবরাহ করে। প্রাথমিকভাবে আগামী ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস থেকেই দিল্লি-এনসিআর অঞ্চলে মাদার ডেয়ারির গরুর দুধের ভ্যারিয়েন্টে এই নতুন পচনশীল প্যাকেটটি ব্যবহার শুরু হবে।
কিভাবে বানানো হয়েছে এই প্যাকেট?
মাদার ডেয়ারির তরফ থেকে জানানো হয়েছে, এই প্যাকেজিংয়ে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারের পর মাটিতে ফেললে প্যাকেট থেকে একধরণের ‘বায়ো অ্যাভেলেবল ওয়াক্স’ বা মোমে রূপান্তরিত করে। পরবর্তীকালে মাটির নিচে থাকা ব্যাকটেরিয়া সাধারণভাবে এটিকে ভেঙে প্রাকৃতিক উপাদানে পরিণত করে। সাধারণত প্লাস্টিক বহুবছর মাটির নিচে থাকে, কিন্তু এই প্যাকেটটি কয়েক বছরের মধ্যেই মাটিতে মিশে যাবে।
এর মধ্যেই এই প্যাকেট ব্যবহারের জন্য গ্রাহকদের স্বস্তি দিয়েছে সংস্থাটি। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিনেশ শাহ জানিয়েছেন, এই নতুন প্যাকেজিং চালু করার জন্য দুধের দামে কোনও পরিবর্তন বা প্রভাব পড়বে না। অর্থাৎ, মাদার ডেয়ারির দুধের দাম একই থাকবে। ১৯৭৪ সালে শুরু হওয়া এই কোম্পানি আজ দুগ্ধজাত দ্রব্যের মধ্যে দেশের একটি ভরসার নাম। তবে পরিবেশ রক্ষা নিয়ে তাদের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে।



