“তরুণ প্রজন্মের ভবিষ্যৎ চুরি!” মহারাষ্ট্রে টেট বাতিলের পরেই তোপ রাহুল গান্ধীর

সবদিক নিউজ: পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টা আগে প্রশ্নফাঁসের আশঙ্কায় স্থগিত হয়ে গেল মহারাষ্ট্রের টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট ২০২৬। রবিবার রাজ্যজুড়ে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু থানের ভিওয়ান্ডি শহরে পুলিশের অভিযানে এমন কিছু প্রশ্ন উদ্ধার হয়েছে, যেগুলি নির্ধারিত টেট প্রশ্নপত্রের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে বলে সন্দেহ। সেই কারণেই শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পর্ষদ। সরকারি সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালে ভিওয়ান্ডি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। কয়েকজন সন্দেহভাজনের কাছ থেকে উদ্ধার হয় একাধিক প্রশ্নপত্র সদৃশ নথি। বিষয়টি গুরুত্ব দিয়ে পর্ষদের পদস্থ আধিকারিকদের ডেকে পাঠানো হয়। উদ্ধার হওয়া প্রশ্নগুলি খতিয়ে দেখার পর তাঁদের প্রাথমিক অনুমান, সেগুলির অনেকগুলির সঙ্গে টেটের আসল প্রশ্নপত্রের মিল রয়েছে। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ভিওয়ান্ডি পুলিশ।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পর্ষদ বিবৃতি দিয়ে জানায়, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা নেওয়ার বিষয়ে তারা দায়বদ্ধ। প্রশ্নফাঁসের অভিযোগ ও তদন্তের প্রয়োজনীয়তা মাথায় রেখেই ২৮ জুনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাজ্যের ৩৭টি জায়গায় ১,৭২৮টি কেন্দ্রে প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থীর এই পরীক্ষায় বসার কথা ছিল। পর্ষদের তরফে পরীক্ষার্থীদের গুজব বা উড়ো খবরে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। পরীক্ষার নতুন দিনক্ষণ ও সংশোধিত সূচি শীঘ্রই সরকারি ওয়েবসাইটে জানানো হবে। একই সঙ্গে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না এবং অতিরিক্ত কোনও ফি-ও নেওয়া হবে না। এদিকে টেট স্থগিত হওয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশ্নফাঁসের অভিযোগে বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারকে নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মহারাষ্ট্র সরকারের ব্যর্থতার পরিচয় হয়ে উঠেছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালের দাবি, যে থানে জেলায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে, সেটি উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের শক্ত ঘাঁটি। তাঁর প্রশ্ন, লাখ লাখ পরীক্ষার্থীর পরিশ্রম, স্বপ্ন এবং ভবিষ্যৎ নষ্ট করা এই চক্রের পিছনে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে কারা? এই ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, আবারও প্রশ্নপত্র ফাঁস, আবারও পরীক্ষা বাতিল। এবার মহারাষ্ট্র টেট। তাঁর অভিযোগ, দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা তোলাবাজির শিকার হয়েছে। এটি শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ চুরির সমান।



