বদলে গেল পুরনো নিয়ম! দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের

বাংলা হান্ট ডেস্ক : দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রাকে (Digha Rath Yatra) ঘিরে এ বছর এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর প্রথমবার এই মহোৎসবের আয়োজন করছে নতুন সরকার। ইতিমধ্যেই প্রশাসনের একাধিক পরিকল্পনা সামনে এসেছে, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সাধারণ মানুষের জন্য রথের দঁড়ি টানার সুযোগ।
দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রায় (Digha Rath Yatra) ভক্তদের জন্য সুখবর
গত বছর দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার রথযাত্রার আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক বছরের ব্যবধানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলে গিয়েছে। বর্তমানে বিজেপি সরকার দায়িত্বে থাকায় এবারের রথযাত্রার আয়োজনেও একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রথযাত্রার আগে নিয়ম মেনে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে জগন্নাথদেবের স্নানযাত্রা। ধর্মীয় আচার চলাকালীন মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে।
উল্লেখযোগ্য বিষয় হল, গতবারের তুলনায় এবার দর্শনার্থীদের প্রবেশে তেমন কোনও অতিরিক্ত বিধিনিষেধ ছিল না। ফলে বহু মানুষ নির্বিঘ্নে মন্দিরে প্রবেশ করে অনুষ্ঠান প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে রথের দঁড়ি টানার নিয়মে পরিবর্তন। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র বিশেষ আমন্ত্রিত অতিথি বা ভিআইপিদের মধ্যে এই সুযোগ সীমাবদ্ধ না রেখে সাধারণ ভক্তদেরও অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের রূপরেখাও তৈরি করা হচ্ছে।
গত বছরের রথযাত্রায় সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ ছিল, তাঁরা রথের দঁড়ি স্পর্শ করার সুযোগই পাননি। ধর্মীয় অনুষ্ঠানে সাধারণ ভক্তদের বাদ দিয়ে ভিআইপি-দের অগ্রাধিকার দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার প্রশাসন আরও উন্মুক্ত ব্যবস্থার দিকে এগোচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, পর্যাপ্ত নিরাপত্তা বলয় বজায় রেখেই সাধারণ মানুষের জন্য রথের দঁড়ি টানার ব্যবস্থা করা হবে। যাতে ভিড়ের মধ্যেও কোনও বিশৃঙ্খলা না তৈরি হয়, সেজন্য আগেভাগেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশি ভক্তরা। পাশাপাশি খুব কাছ থেকে দেবদেবীর দর্শনের সুযোগও মিলবে। ইতিমধ্যেই রথযাত্রার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
আরও পড়ুন : ১ মাস জেলে থাকলেই হারাবে মন্ত্রীর পদ! সংসদে পাস হতে চলেছে এই সংশোধনী বিল
পুরীর মতো প্রতি বছর নতুন রথ তৈরি করা না হলেও দিঘার তিনটি রথকে নতুন রঙে সাজানো হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, বৃহস্পতিবার ওই রথগুলির ট্রায়াল হবে। সেই সময় প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে, যাতে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা যায়। যাতে ভক্তরা নির্বিঘ্নে রথযাত্রায় অংশ নিতে পারেন, সেই লক্ষ্যেই সব দফতরকে সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দিঘার রথযাত্রা এ বছর শুধুমাত্র ধর্মীয় উৎসব হিসেবেই নয়, সাধারণ মানুষের অংশগ্রহণকে কেন্দ্র করে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলেই মনে করা হচ্ছে।



