শিয়ালদা ডিভিশনে ১০ ঘণ্টার ব্লক, রবিবার বাতিল বহু ট্রেন

সবদিক নিউজ: রবিবার ৫ জুলাই শিয়ালদা ডিভিশনে ১০ ঘণ্টার পাওয়ার ব্লকের কারণে ট্রেন চলাচলে বড়সড় ব্যাঘাত ঘটতে চলেছে। বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেলসেতুর গার্ডার বদলের জন্য রাত ১টা থেকে সকাল ১১টা পর্যন্ত এই পাওয়ার ব্লক চলবে। ফলে বহু লোকাল ট্রেন বাতিল এবং একাধিক দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হবে। রেল জানিয়েছে, যাত্রী নিরাপত্তা ও ট্রেনের গতি বাড়ানোর জন্য এই পরিকাঠামো উন্নয়ন কাজ করা হচ্ছে। রোড ক্রেন ব্যবহার করে সেতুর গার্ডার প্রতিস্থাপন করা হবে। কাজ চলাকালীন সেতুর নীচ দিয়ে যান চলাচলও বন্ধ থাকবে, ফলে ওই এলাকায় সড়কপথে যানজটের আশঙ্কা রয়েছে।
শিয়ালদা–ডানকুনি শাখার আট জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়া শিয়ালদা–কল্যাণী সীমান্ত, শিয়ালদা–নৈহাটি, বিধাননগর রোড–নৈহাটি, শিয়ালদা–হাবরা এবং নৈহাটি–ব্যান্ডেল শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
দূরপাল্লার ট্রেনের মধ্যে শিয়ালদা–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও অকাল তখ্ত এক্সপ্রেস ঘুরপথে চলবে। দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আগ্রা ক্যান্টনমেন্ট–কলকাতা এক্সপ্রেস এবং শিয়ালদা রাজধানী এক্সপ্রেস নৈহাটি–দমদম রুটে ঘুরিয়ে চালানো হবে। পুরী–শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস বর্ধমান হয়ে চলবে। শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, এই কাজ যাত্রী সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। যাত্রীদের আগে থেকে সময়সূচি দেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।



