শহিদ দিবসের মঞ্চে তুলকালাম! বাসাপাড়ায় তৃণমূল বিধায়ক কাজল শেখকে লক্ষ্য করে ডিম-বৃষ্টি

সৌতিক চক্রবর্তী, বীরভূম: বীরভূমের রাজনীতিতে ফের তীব্র চাঞ্চল্য। নানুরের বাসাপাড়ায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। প্রতি বছরের মতো এ বছরও বাসাপাড়ায় ঐতিহ্য মেনে ঘটা করে শহিদ দিবস উদযাপনের বিশেষ আয়োজন করা হয়েছিল। তবে রাজ্যে রাজনৈতিক আবহ পরিবর্তনের পর এই প্রথমবার ওই কর্মসূচিতে যোগ দিতে এসে নিজ এলাকাতেই বেনজির ক্ষোভ ও বিক্ষোভের মুখে পড়লেন নানুরের প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখ।
স্থানীয় সূত্রে খবর, শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কাজল শেখ বাসাপাড়ায় পা রাখতেই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত এলাকার একাংশের বাসিন্দারা তাঁকে ঘিরে ধরে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, উত্তেজনার চরম মুহূর্তে তাঁকে লক্ষ্য করে অতর্কিতে ডিম ছোড়া হয়। ঘটনার আকস্মিকতায় মুহূর্তের মধ্যে এলাকায় চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মসূচি ঘিরে শুরু হয় তীব্র শোরগোল।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) আরপিত আর প্রকাশ। পুলিশ আধিকারিকরা দ্রুত এলাকা ঘিরে ফেলে বিক্ষোভকারীদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সমগ্র বাসাপাড়া এলাকায় মোতায়েন করা হয় কড়া পুলিশি নিরাপত্তা।
পুলিশ সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে। তবে ঠিক কোন ধারায় বা অভিযোগে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
অন্যদিকে, এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় কাজল শেখের সুরক্ষার কথা ভেবে তাঁকে দ্রুত পুলিশের বিশেষ নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়। সেখান থেকে সাবধানে উদ্ধার করে কড়া পুলিশি পাহারায় বোলপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তাঁর গাড়ির কনভয় ঘিরে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কেন এমন বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনা ঘটল, তা নিয়ে বীরভূমের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে জোর জল্পনা।



