ফুটপাথ দখলমুক্ত করতেই হবে! পথচারীদের সুরক্ষায় নির্দেশ সুপ্রিম কোর্টের

AK Bangla Desk: ফুটপাথ দিয়ে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করার অধিকার নাগরিকদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত—আগেই এই পর্যবেক্ষণ জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এ বার দেশের প্রতিটি যান চলাচলকারী রাস্তায় পথচারীদের জন্য আলাদা এবং দখলমুক্ত জায়গা নিশ্চিত করার নির্দেশ দিল শীর্ষ আদালত। সোমবার বিচারপতি পিভি নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে মামলাটির শুনানি হয়। বেঞ্চের নির্দেশ, যে সমস্ত রাস্তায় যানবাহন চলাচল করে, সেখানে পথচারীদের হাঁটার জন্য পৃথক অংশ চিহ্নিত করতে হবে। সেই জায়গা যাতে কোনও ভাবেই দখল হয়ে না যায়, তাও নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
আদালতের পর্যবেক্ষণ, যানবাহনের লেন থেকে পথচারীদের চলাচলের জায়গা স্পষ্ট ভাবে পৃথক থাকা প্রয়োজন। চিহ্নিত অংশটি যে শুধুমাত্র পথচারীদের জন্য, সেই বিশ্বাস তাঁদের মধ্যে তৈরি করতে হবে। যাতে কোনও ঝুঁকি ছাড়াই সাধারণ মানুষ ওই পথে অবাধে চলাচল করতে পারেন। মামলার শুনানিতে কেন্দ্রের হয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ। তাঁর উদ্দেশে আদালত জানায়, প্রয়োজন হলে দড়ি, ব্যারিকেড কিংবা অন্য কোনও ব্যবস্থার মাধ্যমে পথচারীদের জায়গা আলাদা করে চিহ্নিত করতে হবে। পাশাপাশি সেই অংশে যাতে কোনও ধরনের দখলদারি না হয়, তারও ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্রকে দুই সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্ধারিত সময়ের পর মামলাটি ফের শুনানির জন্য উঠবে।
এর আগে গত জুন মাসে পথ দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলায় ফুটপাথ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিল শীর্ষ আদালত। লরির ধাক্কায় এক শিশুর মৃত্যুর মামলার রায়ে বিচারপতি নরসিংহের বেঞ্চ জানিয়েছিল, চিহ্নিত ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার ভারতীয় সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের অংশ। আদালত সে সময় আরও বলেছিল, কোনও রাস্তা থাকলে সেখানে পথচারীদের জন্য নির্দিষ্ট ফুটপাথও থাকা আবশ্যক। সোমবারের নির্দেশেও সেই অবস্থানই আরও একবার স্পষ্ট করল সুপ্রিম কোর্ট।



