0%

ক্যালিফোর্নিয়ায় নৌকাডুবিতে ভারতীয় দুই শিশুসহ চারজনের মৃত্যু, দুই পাচারকারীর ৭০ মাসের কারাদণ্ড

 

ওয়াশিংটন, ১০ নভেম্বর : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলে নৌকাডুবিতে ভারতীয় দুই শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় দুই মেক্সিকান নৌচালককে ৭০ মাস করে কারাদণ্ড দিল মার্কিন আদালত। ২০২৫ সালের মে মাসে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা উল্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন ২৮ বছর বয়সি জেসুস ইভান রদ্রিগেজ লেইভা এবং ৩২ বছর বয়সি হুলিও সিজার জুনিগা লুনা। তাঁরা ক্যালিফোর্নিয়ার ডেল মার উপকূলের কাছে দুর্ঘটনাগ্রস্ত পাঙ্গা নৌকাটির চালক ছিলেন। মৃত চারজনের মধ্যে ভারতীয় দুই শিশুর বয়স ছিল যথাক্রমে ১৪ ও ১০ বছর। বাকি দু’জন ছিলেন মেক্সিকান প্রাপ্তবয়স্ক নাগরিক। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি অফিস এই তথ্য জানিয়েছে।

তদন্তে জানা গিয়েছে, নৌকাটিতে নিরাপদ ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি যাত্রী ছিলেন। পাশাপাশি নৌকাটিতে কোনও চলমান নেভিগেশন আলো বা রেডিও ছিল না। দুর্ঘটনার আগে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় চালকরা প্রথমবার মেক্সিকায় ফিরে যেতে বাধ্য হন।

মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন বলেন, “মানবজীবনের চেয়ে লোভকে বেশি গুরুত্ব দেওয়ার গুরুতর পরিণতিই এই সাজায় প্রতিফলিত হয়েছে।”

গত ১৪ এপ্রিল ২০২৬-এ দুই অভিযুক্ত বেআইনিভাবে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করানোর চেষ্টায় মৃত্যুর ঘটনায় দুটি অভিযোগ এবং আর্থিক লাভের উদ্দেশ্যে বেআইনি অনুপ্রবেশে সহায়তার চেষ্টার অভিযোগে দোষ স্বীকার করেন।

তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মে মেক্সিকো থেকে ১৯ জন অভিবাসীকে নিয়ে তাঁরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছিলেন। যাত্রীদের মধ্যে তিনজন নাবালকও ছিল। মেক্সিকোর পোপটলা থেকে নৌকাটি যাত্রা শুরু করে। মাঝপথে ইঞ্জিনে সমস্যা দেখা দিলে চালকরা ফিরে এসে দ্রুত মেরামতির পর ফের যাত্রা শুরু করেন।

ডেল মার সমুদ্রসৈকতের কাছে পৌঁছনোর সময় চালকরা যাত্রীদের লাইফ জ্যাকেট খুলে ফেলতে বলেন, যাতে তাঁরা সহজে নৌকা থেকে নেমে অপেক্ষারত গাড়িগুলির দিকে ছুটে যেতে পারেন। কিন্তু উপকূল থেকে প্রায় ২০০ গজ দূরে ফের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর উত্তাল ঢেউয়ের মধ্যে নৌকাটি উল্টে যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এই দুর্ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।

এরপর হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস, মার্কিন কোস্ট গার্ড, স্থানীয় লাইফগার্ড এবং ইউএস বর্ডার প্যাট্রোল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। সৈকত থেকে চারজন অভিবাসীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে একজন নাবালক ছিল।

ইউএস বর্ডার প্যাট্রোলের সান দিয়েগো সেক্টরের প্রধান জাস্টিন দে লা তোরে বলেন, মানব পাচারকারী সংগঠনগুলি এখনও মানুষের জীবনের প্রতি চরম অবহেলা দেখিয়ে চলেছে।

অভিযোগপত্রে আরও জানানো হয়েছে, মেক্সিকোয় একটি সংগঠিত পাচারচক্র কাজ করত। এই চক্রের সদস্যরা নৌকায় আসা অভিবাসীদের গ্রহণ করার জন্য গাড়িচালকদের নিয়োগ করত। এরপর তাঁদের গাড়িতে লুকিয়ে বিভিন্ন গোপন আস্তানায় নিয়ে যাওয়া হতো। সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হতো। এই কাজে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—দুই দেশেরই সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখত চক্রটি।

–আইএএনএস (IANS)

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker