0%

India Sign Pax Silica: নয়াদিল্লির বুকে নয়া অধ্যায়! শুল্কাঘাতের অতীত সরিয়ে মার্কিন গোষ্ঠীতে ‘এন্ট্রি’ নিল ভারত

মার্কিন গোষ্ঠীতে নাম লেখাল ভারতImage Credit: সংগৃহিত (X)

নয়াদিল্লি: রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল মৃত্তিকা মৌলের ব্যবসায় চিনকে টেক্কা দিতে গোষ্ঠী তৈরি করছে আমেরিকা। শুক্রবার সেই ‘ব্রিগেডেই’ নাম লেখাল ভারতও। শুধু বিরল মৃত্তিকা মৌল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার পরিসরে ভারতের টেক হাবের সঙ্গে জুড়ে যাবে সিলিকন ভ্যালি।

এদিন নয়াদিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিটে’ আমেরিকার ‘প্যাক্স সিলিকা’ গোষ্ঠীতে যোগ দিল ভারত। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের স্বার্থেই এই গোষ্ঠী তৈরি করেছে আমেরিকা। যাতে ইতিমধ্যেই যোগ দিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ইজরায়েল, আরব আমিরশাহি এবং অস্ট্রেলিয়া। এবার সেই ‘প্যাক্স সিলিকা’ গোষ্ঠীতে নাম লেখাল ভারত।

সাম্প্রতিককালে ভারতের সঙ্গে আমেরিকার রসায়ন কিছুটা বদলেছে বললেও চলে। অম্লমধুর সম্পর্ক নতুন করে পেয়েছে মাইলেজ। নেপথ্যে কারিগর হয়েছে ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য়িক সমঝোতা। সেই সম্পর্কের পরবর্তী অধ্যায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গোষ্ঠী। এদিন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “এই গোষ্ঠীতে যোগদানের সিদ্ধান্ত ভারতের বৈদ্যুতিক এবং সেমিকন্ডাক্টর শিল্পে উন্নয়নের জোয়ার আনবে। ইতিমধ্যে দশটি কারখানা তৈরি হয়ে গিয়েছে। আরও কয়েকটির কাজ চলছে।”

অন্যদিকে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, “এই গোষ্ঠীতে ভারতের যোগদান সত্যিই কৌশলী ও যথাযথ।” শুধুই প্যাক্স সিলিকা নয়, ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্যিক সমঝোতা নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর মতে, “আমাদের মধ্য়ে আলোচনা চলছে। আশা করছি, দ্রুত এই চুক্তি স্বাক্ষরের পরিসরও তৈরি হয়ে যাবে। আমরা তো কোনও ছোট দেশের সঙ্গে কাজ করছি না। ভারত একটি বৃহত্তম অর্থনীতির দেশ।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker