0%

Nadia TMC Leader Tina Bhowmik Meets BJP MP Jagannath Sarkar

AK Bangla Desk: নদিয়ার রাজনৈতিক অলিন্দে এখন তুমুল তোলপাড়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহেই এবার নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা সল্টলেকের তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিনা ভৌমিক সাহাকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। রবিবার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাসভবনে আচমকা দেখা গেল টিনাদেবীকে। সোশাল মিডিয়ায় সেই সাক্ষাতের ছবি ভাইরাল হতেই নদিয়ার রাজনীতিতে নতুন সমীকরণের সুর বাঁধছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, তবে কি এবার পথ বদলাতে চাইছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ?

সম্প্রতি টিনা ভৌমিক সাহার বাসভবনে ইডি (ED) তল্লাশি চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে ইডির এই অভিযানে রাতারাতি শিরোনামে চলে আসেন টিনা। সব্যসাচী দত্তের ‘বান্ধবী’ হিসেবে তাঁর নাম উঠে আসায় জোর চর্চা শুরু হলেও, টিনা সমস্ত দায় সংবাদমাধ্যমের ওপরই চাপিয়েছিলেন।

সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিজেপি সাংসদের বাড়িতে তাঁর এই সফর জল্পনার আগুনে ঘি ঢেলেছে। তবে বিজেপি সাংসদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য উড়িয়ে দিয়েছেন টিনা নিজেই। একে সম্পূর্ণ ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করে তিনি জানান, একজন জনপ্রতিনিধির বাড়িতে যে কেউ যেতে পারেন। একই জেলার প্রশাসনিক পরিকাঠামোয় কাজ করার সুবাদে এই বৈঠক, এর পেছনে জেলা পরিষদের আসন্ন ভোটাভুটির কোনও সংযোগ নেই। সোশাল মিডিয়ায় ‘দাদা, থ্যাঙ্ক ইউ’ পোস্ট প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, কাকে তিনি ধন্যবাদ জানাবেন তা তাঁর একান্তই ব্যক্তিগত বিষয়। তবে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা বজায় রেখে তিনি বলেন, সময় আসলেই সব উত্তর মিলবে।

No photo description available.

অন্যদিকে, সোনা উদ্ধারের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান, আইন তার নিজের নিয়মেই চলবে। বৈধ কাগজপত্র থাকলে সোনা ফেরত মিলবে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। আর টিনার আগমন প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “তিনি কোনও গোপনে বা চুরি করে আসেননি। দিনের আলোতেই সকলের সামনে এসেছেন।”

No photo description available.

সাংসদের দাবি, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যেই এই ঘটনাকে অন্য খাতে চালনা করার চেষ্টা করছে। তবে নেপথ্যে যা-ই থাক না কেন, নদিয়ার জেলা রাজনীতিতে যে এক নতুন রাজনৈতিক হাওয়ার সংকেত মিলছে, তা মানছেন অভিজ্ঞ মহল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker