অন্নপূর্ণা যোজনা নিয়ে উড়ল অনেকের ঘুম! কড়া শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে রীতিমতো তোলপাড়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে চর্চার শিরোনামে এই অন্নপূর্ণা ভাণ্ডার। জুনে চালু হওয়ার পর জুলাই মাসেও আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে ৩০০০ টাকা। তবে অভিযোগ উঠছে অনেক ‘যোগ্য’ উপভোক্তা রয়েছেন যাঁরা টাকা পাননি। আবার অনেক ‘অযোগ্যর’ অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলেও অভিযোগ উঠে আসে। এই নিয়ে বিতর্কের মাঝেই এবার চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
অন্নপূর্ণা যোজনায় ভুয়ো সুবিধাভোগীদের বিরুদ্ধে পদক্ষেপ | Annapurna Yojana
অন্নপূর্ণা যোজনা-র সুবিধা প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দিতে বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পে ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কড়া শাস্তি। ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিত করতে যাচাই প্রক্রিয়া চলছে। নথি পরীক্ষায় অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
সরকারি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যাচাইয়ের সময় অন্তত ৬০০টি ভুয়ো সুবিধাভোগীর তথ্য সামনে এসেছে। সব নথি ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে। যারা ভুয়ো বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা প্রকল্পে প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ের পর ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে।
একইসাথে বারে বারে মুখ্যমন্ত্রী আস্বস্ত করেন যে, একজন ‘যোগ্য’ বেনিফিসিয়ারিও বাদ যাবে না এই প্রকল্প থেকে। ইতিমধ্যেই প্রথম দফায় বাদ পড়া অন্নপূর্ণা যোজনার আবেদনকারীর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। বহু আবেদনকারীর তথ্য যাচাইয়ের কাজ সম্পন্নও হয়েছে। বাকিদেরও খুব দ্রুত তা শেষ করার নির্দেশ এসেছে প্রশাসন তরফে।
আরও পড়ুন: বর্ষায় উত্তরবঙ্গের আসল সৌন্দর্য দেখতে চাইলে একবার ঘুরে আসুন রামধুরা থেকে
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিবর্তে বিজেপি সরকার এনেছে অন্নপূর্ণা যোজনা। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সাধারণ মহিলারা মাসে মাসে দেড় হাজার টাকা পেতেন। বিজেপি সরকারের আমলে ‘অন্নপূর্ণা যোজনা’য় দ্বিগুণ হয়েছে ভাতার পরিমাণ। আবেদনকারী প্রত্যেক ‘যোগ্য’ মহিলাকে ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার।



