আসানসোল পুরনিগমে চরম দুর্নীতি? কোটি কোটি টাকার সাফাই সরঞ্জাম নষ্ট হতে দেখে ক্ষুব্ধ পুরমন্ত্রী অগ্নিমিত্রা!

সবদিক নিউজ: আসানসোল পুরনিগমের কালিপাহাড়ি কেন্দ্রীয় স্টোরে আচমকা পরিদর্শনে গিয়ে এক বেনজির দুর্নীতির হদিশ পেলেন রাজ্যের নতুন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গোডাউন জুড়ে বোঝাই হয়ে রয়েছে রাস্তা পরিষ্কার ও বর্জ্য ফেলার আধুনিক গাড়ি থেকে শুরু করে সাফাইকর্মীদের সুরক্ষার হাজার হাজার সামগ্রী। অথচ কোটি কোটি সরকারি টাকায় কেনা সেই সব সরঞ্জাম বছরের পর বছর ধরে ব্যবহার না হয়ে খোলা আকাশের নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। শুক্রবার সকালে এই দৃশ্য দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েন পুরমন্ত্রী। বিগত ১৫ বছরের কাজের ‘সিস্টেম’ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এর নেপথ্যে বড় কোনও আর্থিক দুর্নীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি বৃহত্তর তদন্তের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার আসানসোল পুরনিগমের কালিপাহাড়ি সেন্ট্রাল স্টোরে আকস্মিক হানা দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে গিয়ে কার্যত চোখ কপালে ওঠে তাঁর। মন্ত্রী দেখেন, ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে কেনা রাস্তা পরিষ্কারের বড় বড় স্প্রিংক্লার গাড়ি, আধুনিক ময়লা তোলার গাড়ি, বর্জ্য বহনের সাইকেল ভ্যান এবং হাজার হাজার ডাস্টবিন খোলা আকাশের নিচে ঝোপঝাড়ের মধ্যে অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে।
এমনকি বহু নতুন গাড়ির এখনও পর্যন্ত নম্বর প্লেট লাগানো বা রেজিস্ট্রেশন পর্যন্ত করানো হয়নি। এই বিষয়ে সেখানে উপস্থিত আধিকারিকরা বিএস-৩ (BS-III) ইঞ্জিন সংক্রান্ত আইনি নিয়মের দোহাই দেওয়ার চেষ্টা করলে, মন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন—একই সামগ্রী মজুত থাকা সত্ত্বেও বছরের পর বছর কেন বারবার নতুন করে টেন্ডার ডেকে এই সব মাল কিনে ফেলে রাখা হলো? সাফাইকর্মীদের সুরক্ষার ক্ষেত্রে তৎকালীন শাসকদলের চূড়ান্ত উদাসীনতা ও অমানবিকতা নিয়ে সরব হন অগ্নিমিত্রা পাল। তিনি ক্ষোভ উগরে দিয়ে জানান, স্টোরে প্রায় দুই হাজার জোড়া গামবুট বা সুরক্ষামূলক জুতো এবং অন্যান্য সরঞ্জাম মজুত রয়েছে। অথচ পুরনিগমের গরিব সাফাইকর্মীদের কোনও গ্লাভস, জুতো বা বর্ষাতি না দিয়েই, খালি পায়ে কিংবা সাধারণ চটি পরে নর্দমার বিষাক্ত আবর্জনা পরিষ্কার করতে বাধ্য করা হচ্ছে। এই চরম অব্যবস্থার পরিপ্রেক্ষিতে তীব্র কটাক্ষ করে পুরমন্ত্রী বলেন: “সুরক্ষার এই সব সামগ্রী আসল কর্মীদের না দিয়ে কি তৎকালীন কাউন্সিলাররা বর্ষাকালে নিজেরা পরবেন বলে গোডাউনে জমিয়ে রেখে দিয়েছিলেন?”
সরকারি টাকার এই বিপুল অপচয় ও অনিয়মকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুরমন্ত্রী। তিনি অবিলম্বে কালিপাহাড়ি সেন্ট্রাল স্টোরে থাকা সমস্ত সামগ্রীর একটি বিস্তারিত তালিকা এবং তা কীভাবে দ্রুত সাধারণ মানুষের স্বার্থে ও সাফাইকর্মীদের মধ্যে বিতরণ করা যায়, তার একটি সুস্পষ্ট পরিকল্পনা চেয়ে আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন।



