0%

চৌরঙ্গি থেকে পার্ক সার্কাস, কলকাতার একাধিক রাস্তার নাম বদলের ভাবনা! তালিকায় কোন কোন রাস্তা?

SOBDIK NEWS: কলকাতার (Kolkata) পরিচিত রাস্তার নামের তালিকায় এবার বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। শহরের একাধিক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাস্তার নতুন নামকরণের বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব জমা পড়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাহিত্যিক, বিজ্ঞানী এবং বিশিষ্ট সমাজসংস্কারকদের নামে রাস্তার নাম রাখার সুপারিশ করা হয়েছে। লেনিন সরণি, চৌরঙ্গি রোড, কার্ল মার্কস সরণির মতো পরিচিত নামও রয়েছে এই তালিকায়।

কলকাতার (Kolkata) কোন রাস্তার নাম পরিবর্তনের সুপারিশ জমা পড়েছে?

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর কলকাতার রাস্তার নাম পরিবর্তনের বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। পার্ক সার্কাস এলাকার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হয় গোপাল মুখার্জি রোড। সেই সিদ্ধান্তের সময়ই রাস্তার নামকরণ সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনার জন্য একটি কমিটি তৈরি করেছিল রাজ্য সরকার। এবার ওই কমিটির কাছে শহরের আরও বেশ কয়েকটি রাস্তার নাম পাল্টানোর সুপারিশ পৌঁছেছে।

প্রস্তাবগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লেনিন সরণি। এই রাস্তার জন্য তিনটি বিকল্প নাম বিবেচনায় রাখার কথা বলা হয়েছে—দেবপ্রসাদ ঘোষ সরণি, দেবপ্রসাদ সরণি এবং সৈয়দ মুজতবা আলি সরণি। চৌরঙ্গি রোডের ক্ষেত্রে সর্দার প্যাটেল সরণি নামটি প্রস্তাব করা হয়েছে। হো চি মিন সরণির পরিবর্তে মার্টিন লুথার কিং সরণি অথবা অমর গোপাল বসু সরণি রাখার সুপারিশ রয়েছে। কার্ল মার্কস সরণির জন্য আবার কবি মধুসূদন সরণি ও কবি রঙ্গলাল সরণি—দুটি বিকল্প সামনে এসেছে। শহরের অন্য কয়েকটি রাস্তাকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ব বাংলা সরণির নতুন নাম সত্যেন বসু সরণি করার প্রস্তাব দেওয়া হয়েছে। পার্ক সার্কাস কানেক্টরের জন্য বেছে নেওয়া হয়েছে কাজি আবদুল ওদুদ সরণি নামটি। রাসবিহারী কানেক্টরের ক্ষেত্রে প্রফুল্ল সেন সরণি রাখার সুপারিশ রয়েছে। এলিয়ট রোডের নাম বদলে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত রোড এবং পণ্ডিতিয়া রোডের নাম প্রমথনাথ বিশী রোড করার প্রস্তাবও জমা পড়েছে। আহিরিটোলা স্ট্রিটের জন্য প্রস্তাবিত নতুন নাম পেয়ারীচাঁদ মিত্র স্ট্রিট।

আরও পড়ুন :৯ হাজার আবেদন, ১৫০০ চাকরির সুযোগ! তরুণজ্যোতি তিওয়ারির উদ্যোগে বড় কর্মসংস্থান শিবির

তবে কমিটি এখনই কোনও নাম চূড়ান্ত করার পথে হাঁটছে না। প্রতিটি রাস্তার বর্তমান নামের পিছনে কী ইতিহাস রয়েছে, তা আগে খতিয়ে দেখতে চায় তারা। এ বিষয়ে তথাগত রায় বলেন,”এই ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করতে হবে। অনেক নাম বদলের প্রস্তাব পেয়েছি। পুরনো নামের ইতিহাস কী সেটা জানি না। তাই এই ব্যাপারটা ঘেঁটে দেখা দরকার। তাই আমরা পুরসভাকে দায়িত্ব দিয়েছি। এই ব্যাপারে ডিসেম্বরের ৯ তারিখ আরও একটি মিটিংয়ে বসব।”

নাম বদল নিয়ে সম্ভাব্য বিতর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিতর্ক তো প্রত্যেকটাতেই হতে পারে! নতুন নামেও বিতর্ক হতে পারে। পুরনো নামে তো হতেই পারে। বিশ্ব বাংলা সরণি। লেনিন সরণি। সত্যজিৎ রায় ধরণী। এই ধরণী তা সরণী হয়ে যাবে ধরে নিতে পারেন। কেন ধরণী হয়েছিল, আপনারা জানেন।” কমিটির আর এক সদস্য প্রদীপ্ত মহারাজের বক্তব্য, “১৬ টি রাস্তার নাম নিয়ে আজ আলোচনা হয়েছে। এই নামগুলো আমরা প্রস্তাব করে রাজ্য বিধানসভায় পাঠাবো; সেখানেই সিদ্ধান্ত হবে।” অতএব, কলকাতার রাস্তার নাম পরিবর্তনের বিষয়টি এখনও প্রস্তাব ও পর্যালোচনার স্তরেই রয়েছে। পুরসভাকে পুরনো নামগুলির ঐতিহাসিক গুরুত্ব খতিয়ে দেখতে বলা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে কমিটি পরবর্তী সুপারিশ তৈরি করবে এবং প্রস্তাবগুলি বিধানসভায় পাঠানো হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker