0%

জেল থেকে ছাড়া পেলেন রাজপাল যাদব, মুক্তি পেয়েই কোন কথা সামনে আনলেন ‘ছোটে পণ্ডিত’?

দীর্ঘ টানাপড়েন আর ১২ দিনের বন্দিজীবনের পর অবশেষে খোলা আকাশের নিচে বলিউডের প্রিয় মুখ রাজপাল যাদব। ৯ কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় চেক বাউন্সের অভিযোগে দিল্লির তিহাড় জেলে আত্মসমর্পণ করেছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগী ও সংবাদমাধ্যম। আবেগঘন কণ্ঠে রাজপাল জানান, এই কঠিন সময়ে ভারতবাসী ও আদালত— দুইয়ের ওপরই তাঁর অগাধ আস্থা ছিল।

কারামুক্ত হয়ে রাজপাল যাদব তাঁর দীর্ঘ তিন দশকের কেরিয়ারের কথা স্মরণ করেন। তিনি বলেন, “গত ৩০ বছর ধরে আমি বলিউডে কাজ করছি। আজ বুঝেছি সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট শিশুরা আমাকে কতটা ভালোবাসে। বিপদের দিনে গোটা বলিউড এবং দেশের মানুষ আমার পাশে ছিলেন।” দিল্লি হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “আদালত আমাকে সত্য প্রমাণের সুযোগ দিয়েছে। আমি প্রতিটি শুনানিতে হাজির ছিলাম এবং আগামী দিনেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব।”

রাজপাল যাদবের এই আইনি সংকটের মূলে রয়েছে কোটি কোটি টাকার চেক বাউন্স। অভিযোগকারী পক্ষের আইনজীবী অবনীত সিংহ সিক্কার দেওয়া তথ্য অনুযায়ী, রাজপাল দেড় কোটি টাকা মূল্যের মোট সাতটি চেকে সই করেছিলেন। চেকগুলো বাউন্স হওয়ায় আদালত তাঁকে প্রতিটি মামলার জন্য তিন মাস করে কারাদণ্ডের নির্দেশ দেয়। সাজার পাশাপাশি প্রতিটি চেকের বিপরীতে ১ কোটি ৩৫ লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করা হয়।

৯ কোটি টাকার এই বিশাল অঙ্কের ঋণ শোধ করতে না পারার অভিযোগেই তাঁকে হাজতবাস করতে হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেলেও আইনি প্রক্রিয়া এখনও শেষ হয়নি। আগামী ১৮ মার্চ এই হাই-প্রোফাইল মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। বলিউডে রাজপালের অনুরাগীদের আশা, আইনি জটিলতা কাটিয়ে আবারও রুপোলি পর্দায় হাসির জোয়ার নিয়ে ফিরবেন ‘ছোটে পণ্ডিত’।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker