নিয়োগে স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ! এবার ২০১৬-র ওএমআর শিট প্রকাশ করতে চলেছে SSC

সবদিক নিউজ: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরেই যেন প্রশাসনিক স্তরে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিনের অমীমাংসিত নিয়োগ জট কাটাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এবার ঐতিহাসিক পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওএমআর শিট (OMR Sheet) বা উত্তরপত্র এবার জনসমক্ষে আনা হবে।
কারা দেখতে পাবেন উত্তরপত্র?
এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদপ্রার্থীদের উত্তরপত্র প্রকাশিত হবে। শুধু তাই নয়, এর পরবর্তী ধাপে গ্রুপ সি (Group C) এবং গ্রুপ ডি (Group D) কর্মীদের নিয়োগের ওএমআর শিটও ধাপে ধাপে প্রকাশ করবে কমিশন।
আদালতের লড়াই ও নতুন সরকারের তৎপরতা
উল্লেখ্য, এই ওএমআর শিট প্রকাশ নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলেছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ প্রথমে এই নির্দেশ দিলেও, এতদিন পর্যন্ত কমিশনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই যেন ছবিটা বদলে গিয়েছে। নতুন সরকারের সদিচ্ছায় এবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এবং যোগ্য প্রার্থীদের তালিকা স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
বিজেপি বিধায়ক কনিষ্ক বাগচীর হুঙ্কার
এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক ও আইনজীবী কৌস্তভ বাগচী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সরকারের সদিচ্ছা থাকলে কী হয়, তা আপনারা এবার দেখতে পাবেন। মানুষের বিপুল জনমত নিয়ে এই সরকার তৈরি হয়েছে, তাই মানুষের প্রত্যাশা পূরণ করাই আমাদের একমাত্র কাজ। আমরা কোনও স্বার্থপর শক্তির কাছে দায়বদ্ধ নই।” হিন্দিতে একটি জনপ্রিয় প্রবাদ ব্যবহার করে তিনি হুঁশিয়ারি দেন, “ইয়ে তো সিরফ ঝাঙ্কি হ্যায়, আভি বহুত কুছ করনা বাকি হ্যায়।” কমিশনের এই সিদ্ধান্তে খুশি সাধারণ চাকরিপ্রার্থীরা। তারা আশা করছেন, দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে এবার দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং যোগ্যরা নিজেদের প্রাপ্য চাকরি পাবেন। নবান্নের নতুন সরকারের অধীনে এই স্বচ্ছতা ফেরানোর লড়াই কোথায় গিয়ে শেষ হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।



