0%

ভারতের নতুন চিফ অফ ডিফেন্স এনএস রাজা সুব্রমণি! সামনে এল দেশের পরবর্তী নৌসেনা প্রধানের নামও

বাংলাহান্ট দেশ: ভারতের সামরিক নেতৃত্বে বড় রদবদলের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff) বা সিডিএস হিসাবে নিয়োগ করা হল লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণিকে। শনিবার সকালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে। বর্তমান সিডিএস অনিল চৌহানের কার্যকালের মেয়াদ আগামী ৩০ মে শেষ হচ্ছে। তার পরদিন থেকেই দায়িত্ব গ্রহণ করবেন সুব্রমণি। সিডিএস পদে বসার পর স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা তিন বাহিনীর মধ্যে সমন্বয় রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর কাঁধে থাকবে।

ভারতের নতুন চিফ অফ ডিফেন্স (Chief of Defence Staff) হলেন এনএস রাজা সুব্রমণি!

প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, সিডিএস হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দফতরের সচিব হিসাবেও কাজ করবেন সুব্রমণি। দীর্ঘ সামরিক অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতার ভিত্তিতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, যৌথ সামরিক অভিযান এবং আধুনিক যুদ্ধনীতি নিয়ে তাঁর অভিজ্ঞতা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

একটা ট্রেন কতদিন পরিষেবা দেয়? অবসরের পর কোথায় যায় সেই কোচগুলি জানেন

সামরিক জীবনের শুরু থেকেই সুব্রমণির কেরিয়ার ছিল অত্যন্ত উজ্জ্বল। জাতীয় ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পর ১৯৮৫ সালে তিনি গঢ়বাল রাইফেল্‌সে যোগ দেন। পরে ব্রিটেনের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজেও প্রশিক্ষণ নেন। দেশে ফিরে তাঁকে পর্বত ব্রিগেডের ব্রিগেড মেজর হিসাবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও ন্যাশনাল ডিফেন্স কলেজে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। প্রায় ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে একাধিক সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করেছেন সুব্রমণি। কাজাখস্তানে ভারতীয় দূতাবাসেও তিনি সামরিক প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। সেনাবাহিনীতে অসামান্য অবদানের জন্য একাধিক সম্মান ও পদক পেয়েছেন তিনি।

২০২৩ সালে সুব্রমণিকে সেন্ট্রাল কমান্ডের কমান্ডিং-ইন-চিফ জেনারেল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছিল। তার পরের বছর তিনি দেশের ৪৭তম ভাইস সিডিএস হন। সক্রিয় সামরিক চাকরি থেকে অবসরের পরে বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের সামরিক পরামর্শদাতা হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁকেই দেশের সর্বোচ্চ সামরিক পদে বসানো হল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সুব্রমণির অভিজ্ঞতা ভারতের সামরিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ডানদিকে নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ এনএস রাজা সুব্রমণি এবং বাঁদিকে নতুন নৌসেনা ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন

 মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর রইল না বাধা! বামেদের হাত ধরে ম্যাজিক ফিগার ছুঁলেন বিজয়

একইসঙ্গে দেশের নতুন নৌসেনা প্রধান হিসাবেও নিয়োগ করা হয়েছে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে। বর্তমানে তিনি মুম্বইয়ে পশ্চিম নেভাল কমান্ডের প্রধান হিসাবে দায়িত্বে রয়েছেন। চলতি মাসের শেষে তিনি বর্তমান নৌপ্রধান দীনেশকুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হবেন। কর্মজীবনে আইএনএস বিদ্যুৎ, আইএনএস বিনাশ, আইএনএস কুলিশ, আইএনএস মহীশূর এবং বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যের কমান্ডার হিসাবে দায়িত্ব সামলেছেন স্বামীনাথন। ফলে ভারতীয় নৌসেনার আধুনিকীকরণ ও সমুদ্র নিরাপত্তা জোরদারে তাঁর অভিজ্ঞতা বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছে প্রতিরক্ষা মহল (Chief of Defence Staff)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker