0%

শনিবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ভারতের অভিযান শুরু, কখন-কোথায় দেখবেন খেলা?

এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের (FIFA U-15 World Cup) আয়োজন করছে ফিফা। এই প্রতিযোগিতা, যতটা না প্রতিদ্বন্দ্বিতামূলক, তার থেকেও বেশি ফুটবলকে কেন্দ্র করে ফেস্টিভ্যালের চেহারা দিতে চেয়েছে ফিফা। সেই কারণেই ফিফার অন্তর্ভুক্ত যত দেশ রয়েছে, সবাইকে এই জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়েছে। প্রথম আসরেই নজর কাড়তে প্রস্তুত ভারত। কবে মাঠে নামবে ‘ব্লু কল্টস’?

আজারবাইজানের বাকুতে ২৪ অক্টোবর, শনিবার থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। ২৬ অক্টোবর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। এই প্রতিযোগিতার বিশেষত্ব, ফিফার ২১১টি সদস্য দেশের জন্যই অংশগ্রহণের দরজা খোলা। সব মিলিয়ে ১৮৯টি দেশের দল খেলবে এই প্রতিযোগিতায়। বিপুল সংখ্যক দলের অংশগ্রহণের কারণে প্রায় এক হাজার ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স এবং ক্রিস্টাল হলে হবে ম্যাচগুলি। একসঙ্গে ২০টি ম্যাচ আয়োজনের পরিকাঠামো তৈরি রাখা হয়েছে।

এই প্রতিযোগিতায় খেলা হবে ৮ জনের দল নিয়ে। প্রতি ম্যাচে দু’টি হাফ হবে ২০ মিনিট করে। গ্রুপ পর্বের পরে দলগুলিকে ছ’টি টিয়ারে ভাগ করা হবে। তার পরে চলবে পরবর্তী পর্বের লড়াই। ‘এ’ টিয়ারের শীর্ষে শেষ করা দলই জিতবে প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। তবে বিশ্বকাপে কঠিন লড়াই অপেক্ষা করছে বিবিয়ানো ফার্নান্ডেজের দলের সামনে। গ্রুপ ‘কে’-তে রয়েছে ভারত। প্রতিপক্ষ বাহরিন, ক্যামেরুন, গ্রানাডা, লাওস ও সেনেগাল। ভারতের সব ম্যাচই হবে হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে।

২৪ অক্টোবর লাওসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ব্লু কল্টস। ভারতীয় সময় সকাল ১১.৪৫ মিনিটে শুরু হবে সেই ম্যাচ। পরের দিন, ২৫ অক্টোবর, দু’টি ম্যাচ খেলতে হবে ভারতকে। সকাল সাড়ে ১০টায় ক্যামেরুনের বিরুদ্ধে প্রথম ম্যাচ। বিকেল ৫.১৫ মিনিটে প্রতিপক্ষ গ্রানাডা। ২৬ অক্টোবর যোগ্যতা পর্বের শেষ দিনে ভারতের সামনে আরও দুই প্রতিপক্ষ। দুপুর ২.১৫ মিনিটে বাহরিনের বিরুদ্ধে খেলবে দল। রাত ৯টায় শেষ ম্যাচ সেনেগালের বিরুদ্ধে।

কোথায় দেখা যাবে ভারতের ম্যাচ? ২৪ থেকে ২৬ অক্টোবর ভারতের যোগ্যতা পর্বের সব ম্যাচ সরাসরি দেখা যাবে FIFA+ on DAZN.com-এ। প্রথম ম্যাচে লাওসের বিরুদ্ধে মাঠে নামার সময় ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর থাকবে ব্লু কল্টসের দিকেই।

২০ অক্টোবর বিশ্বকাপের জন্য ১৪ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন অনূর্ধ্ব-১৫ দলের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ।

ভারতীয় দল
গোলকিপার: ধন্যা দেশাই, জেনিত নিংথৌজাম।
ডিফেন্ডার: বীরজিৎ সিং আমোম, মহম্মদ সোহিল খান, নারা মেইতেই লৌশামবাম, প্রথম কুমার, সৌমজিৎ সরকার।
মিডফিল্ডার: সি লালহমিংরুপুইয়া, দীপক সিং আরামবাম, নিবাশ মেইতেই ওয়াহেংবাম, আর লালরেমরুয়াতফেলা, ভিক্টর লালাওমপুইয়া।
ফরোয়ার্ড: ম্যাকডনিশ এনগাইরাংবাম, রোনানদেব অহেইবাম।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker