0%

শীতে গোলাপের পাপড়ির চা: সৌন্দর্যের সঙ্গে স্বাস্থ্যের ডাবল বেনিফিট – সবদিক

শীত মানেই রঙিন ফুলের সমারোহ। এই মরসুমে নানান জাতের গোলাপ ফুলে ভরে ওঠে বাগান। গোলাপ শুধু সৌন্দর্যই বাড়ায় না, এর পাপড়ি যে কতটা পুষ্টিকর, তা অনেকেই জানেন না। শুকনো হয়ে গেলে গোলাপ ফুল ফেলে না দিয়ে তার পাপড়ি রোদে শুকিয়ে গুঁড়ো করে চায়ের সঙ্গে ফুটিয়ে খেলে শরীর পায় একাধিক উপকার।

সম্প্রতি ফ্লোরাল টি বা ফুল দিয়ে তৈরি চা দারুণ পুষ্টিকর পানীয় হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে রোজ টি বা গোলাপ ফুলের পাপড়ি দেওয়া চা ভিটামিন সি, পলিফেনল কম্পাউন্ড ও অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। নিয়মিত রোজ পেটাল টি খেলে শরীরে কী কী উপকার হয়, জেনে নিন বিস্তারিত।

১) শরীর ডিটক্স ও হজমে সহায়ক

গোলাপ ফুলের পাপড়ি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। হজমশক্তি বাড়ায়, পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্যও রোজ পেটাল টি উপকারী।

– বিজ্ঞাপন –

২) মানসিক চাপ ও ক্লান্তি কমায়

গোলাপ ফুলের স্বাভাবিক সুগন্ধ মনকে শান্ত করে। রোজ টি খেলে মানসিক উদ্বেগ, স্ট্রেস ও শারীরিক ক্লান্তি দূর হয়। ব্যস্ত দিনের শেষে এই চা শরীর ও মন—দুটোকেই তরতাজা রাখতে সাহায্য করে।

৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ গোলাপ ফুলের পাপড়ি দেওয়া চা শরীরের ইমিউনিটি বাড়ায়। শীতকালে সর্দি-কাশি, ভাইরাল সংক্রমণের ঝুঁকি কমাতে এই চা বেশ কার্যকর।

৪) ত্বকের জেল্লা ফেরাতে কার্যকর

রোজ টি শরীর থেকে টক্সিন বের করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে ব্রণ, ফুসকুড়ির সমস্যা কমে। ত্বকের স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা ফিরিয়ে আনে এবং ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া রোধ করতে সাহায্য করে।

 ৫) মহিলাদের জন্য বিশেষ উপকারী

মাসিক ঋতুস্রাবের সময় তলপেটের ব্যথা কমাতে গোলাপ ফুলের পাপড়ি দেওয়া চা উপকারী। পাশাপাশি হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

কীভাবে বানাবেন রোজ পেটাল টি

১. কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন।
২. শুকনো পাপড়ি গুঁড়ো করে রাখুন।
৩. একটি পাত্রে জল গরম করতে দিন।
4. জলে গোলাপ পাপড়ির গুঁড়ো দিয়ে ৫–৬ মিনিট ভালো করে ফোটান।
5. এরপর অল্প চা পাতা দিয়ে আরও কিছুক্ষণ ফোটান।
6. আগুন নিভিয়ে চা ছেঁকে নিন।
7. স্বাদ অনুযায়ী মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে গরম গরম পান করুন।

শীতকালে প্রতিদিনের চায়ের অভ্যাসে সামান্য বদল এনে যদি রোজ পেটাল টি যোগ করেন, তাহলে তা শরীর, মন ও ত্বক—সবকিছুর জন্যই উপকারী হতে পারে। প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে চাইলে এই শীতে গোলাপের পাপড়ির চা হতে পারে দারুণ এক বিকল্প।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker