0%

স্ত্রীকে ‘খুন’ করে ফাঁদেন অপহরণের গল্প! ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত যুবক

স্ত্রীকে অপহরণ করেছে ক্যালিফোর্নিয়ায় ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা। চাঞ্চল্যকর দাবি করেছিলেন আমেরিকা (USA) প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত যুবক। পুলিশ ঘটনার তদন্তে নামতেই অন্যদিকে বাঁক নিল ঘটনা। জানা গিয়েছে, স্ত্রীকে নিজেই খুন করে অপহরণের গল্প ফাঁদেন ২৮ বছরের অভিযুক্ত। ওই যুবককে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যার মামলা দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হয়েছেন পেশায় নার্স ৮ মাসের সন্তানের মা ৩০ বছরের জ্যাসমিন গিল। গত ৩০ সেপ্টেম্বর তাঁকে শেষবার দেখা গিয়েছিল স্যাকরোমেন্টো শহরে নিজের বাড়িতে। এর দিন চারেক পর নিখোঁজের অভিযোগ করেন তাঁর তুতো বোন। তদন্ত শুরু হলে অভিযুক্ত স্বামী গুরিন্দর দাবি করেন, অভিবাসন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের সন্দেহে সম্ভবত স্ত্রীকে অপহরণ করেছে আইসিই। যদিও গোয়েন্দারা আইসিই-র সঙ্গে যোগাযোগ করলে সংস্থাটি নিশ্চিত করে, জ্যাসমিনের বিরুদ্ধে কোনও ধরনের এনফোর্সমেন্ট কার্যক্রম চালানো হয়নি।

এরপর গুরিন্দরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথায় অসংগতি ধরা পড়ে। এইসঙ্গে সামনে আসে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এবং সন্তান কার কাছে থাকবে তা নিয়েও অশান্তি চলছিল। ১ অক্টোবর এল ডোরাডো প্রদেশে একটি নির্জন এলাকায় পোড়া দেহাংশ পাওয়া যায়। পরবর্তীতে ফরেনসিক পরীক্ষায় তদন্তকারীরা নিশ্চিত হন, ওই দেহাবশেষ ছিল জ্যাসমিনের। এরপর ১৪ অক্টোবর স্ত্রীকে খুনের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় গুরিন্দরের বিরুদ্ধে। সেই মতো তাঁকে হেফাজতে নিয়েছে ক্যালিফোর্নিয়া পুলিশ। অন্যদিকে, জ্যাসমিনের শোকগ্রস্ত পরিবার দেহ ভারতে ফেরানোর বিষয়ে উদ্যোগ নিচ্ছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker