0%

হামলার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ, অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার ঘটনার পর তাঁর নিরাপত্তা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগে তাঁর জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হলেও এবার তাঁকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে। ফলে আগের তুলনায় আরও বেশি নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে থাকবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তা

সরকারি সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) এবার থেকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে। বর্তমানে তাঁর সঙ্গে দু’জন নিরাপত্তারক্ষী থাকলেও নতুন ব্যবস্থায় সেই সংখ্যা বেড়ে তিন হবে। তৃণমূল সরকারের সময় অভিষেক জেড প্লাস নিরাপত্তা পেতেন। বিভিন্ন জেলা সফরে তাঁর কনভয়ে থাকা গাড়ির সংখ্যা এবং নিরাপত্তার বহর নিয়ে বিরোধীরা একাধিকবার প্রশ্ন তুলেছিল।

রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী সাংসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেন। সেই পর্যালোচনার পরই অভিষেকের (Abhishek Banerjee) জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়। পাশাপাশি তাঁর হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে থাকা পুলিশি নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়। তখন সরকারের তরফে বলা হয়েছিল, একজন সাংসদ হিসেবে যতটা নিরাপত্তা প্রয়োজন, ততটাই তাঁকে দেওয়া হবে।

এরপর থেকে দু’জন নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করছিলেন অভিষেক (Abhishek Banerjee)। শুক্রবার সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়। ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, হামলাটি অত্যন্ত গুরুতর ছিল এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তাঁর দাবি, স্থানীয় কয়েকজন যুবক সাহায্য না করলে বড় বিপদ ঘটার আশঙ্কা ছিল।

আরও পড়ুনঃ মহিলাদের বিপদে এক ক্লিকে পুলিশ! রাজ্যে আসছে নতুন জিও-ট্যাগিং অ্যাপ

অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, অভিষেকের (Abhishek Banerjee) নিরাপত্তা কমিয়ে দেওয়ার সুযোগ নিয়েই এই হামলা হয়েছে। তাঁর মতে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও ঝুঁকি নেওয়া উচিত নয়। এই ঘটনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এখন থেকে তিনি এক্স ক্যাটেগরির নিরাপত্তা পাবেন এবং তাঁর সঙ্গে সবসময় তিনজন নিরাপত্তারক্ষী থাকবেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker