স্কুলের পাশেই ছড়িয়ে ছিটিয়ে খণ্ডবিখণ্ড দেহ, আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৬ পড়ুয়া, জখম শতাধিক

পড়ুয়াদের কোলাহলে স্কুল তখন গমগম করছে। আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। বোমা বিস্ফোরণে আফগানিস্তানে নিহত ৬ শিশু (Afganisthan Blast)। জখম অন্তত শতাধিক পড়ুয়া। শনিবার সকালে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। বিস্ফোরণের তীব্রতায় কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয় স্কুলটি। পুলিশের অনুমান, খনি এলাকার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ওই বাড়িতে ডিনামাইট মজুত করে রেখেছিলেন। কোনওভাবে সেখানেই বিস্ফোরণ ঘটে, আর যার প্রভাব পড়ে স্কুলটিতে।
আফগানিস্তানের পূর্বে কুনার প্রদেশে অবস্থিত একটি মাধ্যমিক স্কুলের ঠিক পাশেই একটি বাড়িতে ডিনামাইট মজুত রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে ১০ টা নাগাদ বিস্ফোরণ ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কুনার প্রদেশ হাসপাতালের প্রধান একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এই সংখ্যা আরও বাড়তে পারে।
কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জানিয়েছেন, যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ির লোকজন খনিতে কাজ করেন। খননকাজের জন্য ডিনামাইট মজুত করে রেখেছিলেন তাঁরা। বিস্ফোরণের অভিঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে তদন্তকারী দল। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত কুনার প্রদেশ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা গিয়েছে।
BLAST AT AFGHAN SCHOOL An explosion at a middle school in Afghanistan’s Kunar province has killed or wounded several students, police said. The blast occurred around 10 am in Andar Ser. The cause and exact casualty count remain unknown. https://t.co/zF0gNzle9g
— Subodh Kumar (@kumarsubodh_) November 28, 2026
ঠিক কয়েক মাস আগেই আগস্টে বিস্ফোরণের দাপটে কেঁপে উঠেছিল আফগানিস্তানের রাজধানী কাবুল। একটি স্কুলে গ্রেনেড হামলা হয়, সেখানেও ৪০ পড়ুয়ার মৃত্যু হয়েছিল। পাশপাশি, সে দেশে ক্ষমতা তালিবানের দখল এবং পাকিস্তানের সঙ্গে লাগাতার হামলার জেরে বার বার যেভাবে অশান্ত হয়েছে সেখানকার জনজীবন। এই ঘটনাও তারই সূত্রে বলে মনে করছেন অনেকেই।
শেয়ার
লিংক



