ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠক সরকারি কর্মীদের! বকেয়া DA ইস্যুতে বার্তা

SOBDIK NEWS: পঞ্চম পে কমিশনের ডিএ মামলা (Dearness Allowance) নিয়ে জট অব্যাহত। বকেয়া থেকে এখনও পুরোপুরি বঞ্চিত রয়েছেন গ্রান্ট ইন এইড-রা কর্মীরা। আগামী ১৪ ডিসেম্বর সশরীরে বৈঠক রয়েছে মনিটরিং কমিটির সঙ্গে। মামলার শেষ শুনানিতে আদালত তরফে জানানো হয়েছিল, উচ্চ পর্যায়ের কমিটির পরবর্তী বৈঠকের দিকে নজর রাখবে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চ তরফে জানানো হয়েছে, ডিএ মামলায় প্রাক্তন বিচারপতি মাননীয়া ইন্দু মালহোত্রা কমিটির কাছে হলফনামা পেশ করা হয়েছে। নবান্ন থেকে ফোন করে সংগ্ৰামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কমিটির কাছে যে হলফনামা পেশ করা হয়েছিল তার প্রেক্ষিতে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য কমিটির কাছে জমা করেছে বলে জানায় যৌথ মঞ্চ।
এদিন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর তরফে পোস্ট করেছেন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি সমাজমাধ্যমে লেখেন, “আগামী ১৪/১২/২৬ ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে যাদের যাদের বৈঠক আছে, রাজ্য সরকারের লিখিত ‘হলফনামা’ সকলকেই তা প্রদান করেছেন। আমাদের আইনজীবি তা দেখার পর, সেই বিষয়ে আমাদের বক্তব্য তুলে ধরব।”
আরও পড়ুন: অটোতে এবার ভাড়ার তালিকা রাখা বাধ্যতামূলক, বেশি ভাড়া নিলেই সাসপেন্ডের হুঁশিয়ারি
উল্লেখ্য, ডিসেম্বর মাসে মনিটরিং কমিটির বৈঠকের পর আগামী ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। বর্তমানে ১৪ ডিসেম্বরের বৈঠকের দিকেই নজর আদালতের। আদালত জানিয়েছে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির বৈঠকের পর ফের শুনানি হবে। পরবর্তী শুনানিতে ফের একবার উঠে আসতে পারে গ্রান্ট ইন এইড কর্মচারীদের প্রসঙ্গ।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর দায়ের করা বকেয়া ডিএ মামলা বর্তমানে চলছে বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চে। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মামলা বিচারাধীন। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হয়ে কলকাতা হাইকোর্টে ওঠে মামলা। শেষে সুপ্রিম কোর্টে।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে জয় হয়ে সরকারি কর্মীদের। আদালত নির্দেশ দেয়, অল ইন্ডিয়া কনজ়িউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুসারে ডিএ দিতে হবে সরকারি কর্মীদের। তবে তারপরও টালবাহানা চলছে। অভিযোগ, রাজ্য সরকার বকেয়া ডিএ-র কিছু অংশ মেটালেও ‘গ্রান্ট ইন এড’ কর্মচারীরা এখনও বঞ্চিত। এবার মনিটরিং কমিটির পরবর্তী বৈঠকে এবিষয়ে কোনো সুরাহা হয় কিনা সকলের নজর এখন সেই বৈঠকের দিকে।



