আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মুশফিকুরের, বাংলাদেশের ‘সেবকে’র অবসরে মনখারাপ তামিমের

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। বাংলাদেশের হয়ে ২১ বছর ধরে লাল বলের ক্রিকেটে খেলেছেন অভিজ্ঞ উইকেটকিপার। শনিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল মুশফিকুরের অবসরের কথা ঘোষণা করেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নেবেন ৩৯ বছর বয়সি ক্রিকেটার।
২০০৫ সালে বাংলাদেশের হয়ে অভিষেক হয় মুশফিকুরের। এখন পর্যন্ত ১০৮ টেস্ট খেলে তাঁর সংগ্রহ ৭০৬২ রান। তাঁর নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি। ক্যাচ ১১৫টি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড মুশফিকের। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এবার টেস্টও ছেড়ে দিলে আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি ঘটবে।
এদিন মুশফিকুরের প্রাক্তন সতীর্থ তথা বিসিবি সভাপতি তামিম বলেন, “ও আমাকে কিছুদিন আগে আমাকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানায়। আমি ওকে বলি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবসর না নিতে। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ সেবক। আমি চেয়েছিলাম, তার বিদায়টা যথাযথভাবে হোক। ওর মতো একজন অবসর নেওয়ায় মনখারাপ। মুশফিকের অনুরোধ, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হোক শেষ টেস্ট।” বিদায়ী টেস্টে বড়সড় সংবর্ধনা দেওয়া হতে পারে মুশফিককে।
বাংলাদেশের ‘পঞ্চপাণ্ডব’দের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ঘটনা হল, সেদেশের অধিকাংশ তারকা ক্রিকেটারের বিদায় ঘটেছে অন্তরাল বা ফেসবুক পোস্টের মাধ্যমে। মাঠ থেকে অবসরের ঘটনা খুব কম। এর আগে ওয়ানডে অবসরের সময়ও সেই ফেসবুক পোস্টই ভরসা ছিল মুশফিকুরের। সেই ঘটনা যাতে না হয়, তার উদ্যোক্তা হলেন তামিম।
শেয়ার
লিংক



