0%

রিঙ্কুই হবে নাইট রাইডার্সের নতুন অধিনায়ক! কেন ‘যোগ্য’ ভারতীয় তারকা? ব্যাখ্যা প্রাক্তনীদের

নিলামের আগে মোটামুটি সব দলেরই অধিনায়ক ঠিক হয়ে গিয়েছে। সদ্য রোহিত শর্মাকে ফের অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের (KKR) কী হবে? অজিঙ্ক রাহানের অবসরের পর কে হবেন নতুন অধিনায়ক? উত্তর এখনও পর্যন্ত নেই। তবে রিঙ্কু সিংকে (Rinku Singh) অধিনায়ক করার পক্ষপাতী প্রাক্তন ক্রিকেটাররা। ইরফান পাঠান থেকে আকাশ চোপড়া, মনে করছেন রিঙ্কুই যোগ্য লোক। কিন্তু কেন?

পাঠানের যুক্তি, “নাইটদের স্কোয়াডে লিড করার মতো খুব বেশি প্লেয়ার নেই। রিঙ্কুই সেরা নাম হতে পারে। এছাড়া নিলাম থেকে এমন কাউকে কিনতে পারে, যে নেতৃত্ব দিতে পারে। একজনের নামই মনে আসছে। সে হল শাই হোপ। ভারতের বিরুদ্ধে সিরিজে ও খুব ভালো খেলেছে। চাইলে হোপকে কিনে অধিনায়ক করতে পারে। কিন্তু ওদের ম্যানেজমেন্ট নিয়ে আমার যা ধারণা, তাতে রিঙ্কুই পরবর্তী অধিনায়ক হবে।”

রিঙ্কুর পাশে দাঁড়াচ্ছেন নাইট প্রাক্তনী আকাশ চোপড়াও। তাঁর বক্তব্য, “নাইট রাইডার্সের কাছে অধিনায়ক হওয়ার মতো একজনই আছে। সে হল রিঙ্কু। গতবছর নাইটদের সহ-অধিনায়ক ছিল। তাই তাঁর অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া আরেকজনও হতে পারে। সুনীল নারিন এর আগে নেতৃত্ব দিয়েছে। সেও খুব খারাপ পছন্দ হবে না।” আকাশ অবশ্য আরেকটি বিষয় নিয়েও মুখ খুলেছেন। কেন ক্যামেরন গ্রিনকে রিটেন করা হল, সেটাও ভাবাচ্ছে আকাশকে। তাঁর যুক্তি, “গ্রিনকে ছেড়ে আবার নিলামে কম দামে কিনতে পারত। তবে মনে হয়, গ্রিনকে ট্রেডের মাধ্যমে ছাড়তে চেয়েছিল। কিন্তু কোনও দলই কেনেনি। কারণ তাঁকে আদৌ আইপিএলে পাওয়া যাবে কি না, সেটাও প্রশ্ন।”

পাঠান অবশ্য নাইটদের দল নিয়ে ইতিবাচক। তাঁর বক্তব্য, “এবার যাদের ছেড়েছে, তা নিয়ে কোনও চমক নেই। রাহানে না থাকায় অঙ্গকৃষ রঘুবংশী ওপেন করতে পারে। হর্ষিত রানা ফিট হয়েছে। ফলে বোলিংও শক্তিশালী। যদি কলকাতা একজন ভালো নেতা পায়, তাহলে আগামী মরশুমে ভালো ফলাফল হবে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker