0%

সিবিএসই-তে ক্লাস নাইনে বাধ্যতামূলক তৃতীয় ভাষা! সিদ্ধান্তের প্রতিবাদে শীর্ষ আদালতে অভিভাবকরা

সবদিক নিউজ: চলতি শিক্ষাবর্ষ থেকেই নবম শ্রেণিতে তিনটি ভাষা পড়ার যে নির্দেশ সিবিএসই দিয়েছিল, এবার তার বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন অভিভাবক ও পড়ুয়ারা। জানা গেছে, আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে। মে মাসের মাঝামাঝি সময়ে সিবিএসই এক নির্দেশিকায় জানিয়েছিল, আগামী ১ জুলাই থেকে নবম শ্রেণির পাঠ্যক্রমে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হবে। বোর্ডের এই আকস্মিক সিদ্ধান্তের প্রতিবাদেই শুক্রবার আদালতের দ্বারস্থ হয়েছেন অভিভাবকদের একটি অংশ।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী মুকুল রোহতাগি প্রশ্ন তোলেন, এত কম সময়ের নোটিশে কীভাবে এই নতুন নিয়ম কার্যকর করা সম্ভব? আগামী সোমবার, ২৫ মে এই মামলার জরুরি শুনানির অনুরোধ জানিয়ে তিনি আদালতে বলেন, বর্তমান পাঠ্যক্রমের চাপে পড়ুয়ারা এমনিতেই বিপর্যস্ত। এর ওপর হুট করে নতুন বিষয়ের বোঝা চাপিয়ে দিলে তা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। প্রধান বিচারপতি এই যুক্তি শুনে আশ্বস্ত করেছেন যে আগামী সপ্তাহের মধ্যেই মামলাটির শুনানি সম্পন্ন হবে।

জাতীয় শিক্ষানীতি ২০২০-র নির্দেশিকা এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র, যেখানে দুটি ভারতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই সূত্র ধরে গত ১৫ মে সিবিএসই বিজ্ঞপ্তি জারি করে জানায়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেই নবম শ্রেণির পরীক্ষায় এই তিনটি ভাষার মূল্যায়ন করা হবে। তবে স্বস্তির বিষয় এটাই ছিল যে, দশম শ্রেণির চূড়ান্ত বোর্ড পরীক্ষায় এই তৃতীয় ভাষাটির পরীক্ষা দিতে হবে না।

বোর্ডের ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছিল, স্কুলগুলি নিজেদের পছন্দমতো ভাষা বেছে নেওয়ার স্বাধীনতা পাবে, তবে পাঠ্যক্রমে দুটি ভারতীয় ভাষা থাকা বাধ্যতামূলক। এর ফলে ইংরেজিকে বিদেশি ভাষা হিসেবে গণ্য করা হবে বলেই মনে করছিলেন শিক্ষকদের একাংশ। সিবিএসই আরও স্পষ্ট করেছিল যে, এই তৃতীয় ভাষার পরীক্ষা ও মূল্যায়ন স্কুলগুলি নিজেদের স্তরে অভ্যন্তরীণভাবে করবে, তবে চূড়ান্ত রেজাল্ট বা সিবিএসই-র শংসাপত্রে এই বিষয়ের নম্বরের উল্লেখ থাকবে। এবার বোর্ডের এই সামগ্রিক সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েই সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু হলো।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker