Bigg Boss Bangla: ‘প্রিন্স অব কলকাতা’ এবার বিগ বসের ঘরে, প্রকাশ্যে প্রথম প্রোমো

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বাংলা টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’। প্রায় এক দশক পর এই শোর নতুন সিজনের ঘোষণা ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। সম্প্রতি স্টার জলসার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে শোর প্রথম প্রোমো, আর সেই ঝলকেই মিলেছে সবচেয়ে বড় চমক- সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
প্রোমোতে প্রথমে দেখা যায় এক রাজকীয় বাঘের উপস্থিতি, তারপর ধীরে ধীরে আবির্ভাব ঘটে স্যুট-পরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ‘প্রিন্স অফ কলকাতা’-র এই নতুন অবতার দর্শকদের মধ্যে বাড়িয়ে দিয়েছে আগ্রহ। সোশ্যাল মিডিয়ায় প্রোমো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রতিক্রিয়া নজর কাড়ছে। কেউ লিখেছেন, “এবার অবশ্যই দেখব”, আবার কেউ মন্তব্য করেছেন, “অনেক দিনের অপেক্ষার অবসান হল।”
Amitabh Bachchan: রাতভর কাজ, সকালেই নতুন দায়িত্ব, এই বয়সেও অমিতাভ নিজেকে সামলাচ্ছেন কীভাবে?
শুধু বাংলাতেই নয়, ‘বিগ বস’ এখন ভারতীয় টেলিভিশনের অন্যতম বৃহৎ রিয়েলিটি ফ্র্যাঞ্চাইজি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং মরাঠি ভাষায় ইতিমধ্যেই একাধিক সফল সিজন সম্প্রচারিত হয়েছে। নির্মাতাদের লক্ষ্য এখন আঞ্চলিক দর্শকদের আরও কাছাকাছি পৌঁছনো। সেই ভাবনা থেকেই বাংলা সংস্করণকে নতুনভাবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এন্ডেমল শাইন ইন্ডিয়ার কর্তা ঋষি নেগি আগেই জানিয়েছিলেন, বাংলা দর্শকদের জন্য এমন একজন সঞ্চালক বেছে নেওয়া হবে, যাঁর জনপ্রিয়তা ভাষা ও রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় স্তরেও বিস্তৃত। সেই জল্পনার অবসান ঘটিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সামনে আসতেই শোর প্রতি আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়।
চরিত্রে ঢুকতে গিয়ে সীমা ছাড়ালেন নানা? পাল্টা থাপ্পড়ে জবাব দিয়েছিলেন মাধু
এক সূত্রের দাবি, “বিগ বস বাংলা শুধু একটি রিয়েলিটি শো নয়, এটি বাঙালির সংস্কৃতি, আবেগ এবং বিনোদনের নতুন মঞ্চ হতে চলেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি এই শোকে আরও বড় পরিসরে পৌঁছে দেবে।” এদিকে, ‘বিগ বস’ ফ্র্যাঞ্চাইজির সম্প্রসারণ চললেও ডিজিটাল সংস্করণ ‘বিগ বস ওটিটি’ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তাঁদের মতে, টেলিভিশনের দর্শক এখনও বিশাল এবং নিয়মিত সম্প্রচারের প্রতি তাঁদের আগ্রহ অটুট রয়েছে।
তবে নতুন সিজনের প্রতিযোগীদের নাম কিংবা সম্প্রচারের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ফলে দর্শকদের অপেক্ষা আরও কিছুদিন চলবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট- সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ‘বিগ বস বাংলা’ আবারও বাংলা বিনোদন জগতে বড়সড় আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে।



