0%

উপনির্বাচনে টিকিট পেলেন না প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম, মধ্যপ্রদেশে বিজেপি কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি

সবদিক নিউজ: মধ্যপ্রদেশে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপির অন্দরের অসন্তোষ এবার প্রকাশ্যে চলে এসেছে। দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে টিকিট না দেওয়ায় তাঁর সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ— পরিস্থিতি সামাল দিতে ব্যাপক হিমশিম খেতে হয় প্রশাসনকে। জানা গিয়েছে, আগামী ৩০ জুলাই মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একসময় এই কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন বিজেপির শীর্ষ নেতা ও রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তবে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থী রাজেন্দ্রকুমার ভারতীর কাছে পরাজিত হন।

পরে ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় রাজেন্দ্রকুমার ভারতীর তিন বছরের কারাদণ্ড হওয়ায় তাঁর বিধায়ক পদ খারিজ হয়। ফলে দাতিয়া কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়। এই নির্বাচনে ফের প্রার্থী হওয়ার আশা করেছিলেন নরোত্তম মিশ্র। কিন্তু বিজেপি নেতৃত্ব তাঁর পরিবর্তে যুবনেতা আশুতোষ তিওয়ারিকে প্রার্থী ঘোষণা করে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার নরোত্তম মিশ্রের সমর্থকেরা ব্যাপক বিক্ষোভে সামিল হন। অভিযোগ, কয়েক হাজার বিক্ষোভকারী প্রায় ১২ ঘণ্টা ধরে ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। পাশাপাশি স্থানীয় বিজেপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। বিক্ষোভ চলাকালীন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়। সংঘর্ষে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

রাজনৈতিক মহলে জোর জল্পনা, মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে মতবিরোধের কারণেই নরোত্তম মিশ্র টিকিট পাননি। যদিও এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

ঘটনার জেরে মধ্যপ্রদেশের বিজেপির অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত। তবে টিকিট বণ্টন নিয়ে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বা কারণ সম্পর্কে বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker