ABHA Card: আয়ুষ্মান ভারতের নাম তো শুনেছেন, ABHA Card কী জানেন? কেন সবার এটি করানো উচিত?

নয়া দিল্লি: রোগ কখনও বলে-কয়ে আসে না। হঠাৎ অসুস্থতায় চিকিৎসকের কাছে ছুটতে হলে, তখন পুরনো প্রেসক্রিপশন, পরীক্ষার রিপোর্ট ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত নথি সামলানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধান করতেই কেন্দ্রের বড় উদ্যোগ। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM)-এর আওতায় আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (ABHA) চালু করেছে কেন্দ্র সরকার। এই অ্যাকাউন্টে আপনি নিজের সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত নথি ডিজিটালভাবে নিরাপদে সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনে সহজেই ব্যবহার করতে পারবেন।
আভা (ABHA) নম্বর কী?
আভা (ABHA) নম্বর হল একটি ইউনিক ডিজিটাল হেলথ আইডি। এটি প্রতিটি রেজিস্টার্ড ব্যক্তির জন্য আলাদা হয়। এই কার্ডের মাধ্যমে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানে নিজের স্বাস্থ্য সংক্রান্ত নথি এক জায়গায় সংরক্ষণ করা যায়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক বা হাসপাতালে সেই নথি দেখানোও যায়।
এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনও বাধ্য-বাধকতা নেই। যে কেউ চাইলে, এটি ব্যবহার করতে পারেন।
আভা (ABHA) অ্যাকাউন্টের সুবিধা
ABHA অ্যাকাউন্ট খুললে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। যেমন—
- সব স্বাস্থ্য সংক্রান্ত নথি এক জায়গায় ডিজিটালভাবে সংরক্ষণ করা যায়।
- প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে রিপোর্ট ও প্রেসক্রিপশন শেয়ার করা যায়।
- কাগজের প্রেসক্রিপশন বা রিপোর্ট সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকে না।
- বিভিন্ন হাসপাতাল বা চিকিৎসকের কাছে চিকিৎসার ধারাবাহিক রেকর্ড সংরক্ষিত থাকে।
- জরুরি পরিস্থিতিতে আগের চিকিৎসার তথ্য সহজে পাওয়ায়, দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়।
কারা ABHA অ্যাকাউন্ট খুলতে পারবেন?
ভারতের যে কোনও নাগরিক আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (ABHA) খুলতে পারেন। এটি বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় এই অ্যাকাউন্ট খোলা যায়। রেজিস্ট্রেশনের সময় প্রয়োজনীয় পরিচয়পত্র ও কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যায়। পরে নিজের স্বাস্থ্য সংক্রান্ত নথি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করবেন কি না, সেই সিদ্ধান্তও ব্যবহারকারী নিজেই নিতে পারেন।
কোন কোন ক্ষেত্রে এটি কাজে লাগে?
- নতুন কোনও চিকিৎসকের কাছে গেলে
- অন্য শহরে চিকিৎসা করাতে হলে
- দীর্ঘদিনের কোনও রোগের চিকিৎসার ক্ষেত্রে
- টিকাকরণ ও বিভিন্ন মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট সংরক্ষণে
- পুরনো প্রেসক্রিপশন ও ল্যাব রিপোর্ট দ্রুত খুঁজে পেতে
- এতে কাগজের ফাইল খুঁজে বেড়ানোর বদলে প্রয়োজনীয় তথ্য ডিজিটালভাবে সহজেই পাওয়া যায়।
আপনার তথ্য কতটা নিরাপদ?
আভা (ABHA) অ্যাকাউন্টে থাকা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য শুধুমাত্র আপনার অনুমতি (Consent) থাকলেই অন্য কেউ দেখতে পারবেন। কখন, কার সঙ্গে এবং কতটা তথ্য শেয়ার করবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবহারকারীর হাতে থাকে। চাইলে পরে সেই অনুমতিও বাতিল করা যায়।
অ্যাকাউন্ট খুলতে কী কী লাগবে?
- আধার কার্ড বা অন্য কোনও গ্রহণযোগ্য পরিচয়পত্র
- মোবাইল নম্বর (ভেরিফিকেশনের জন্য)
- প্রাথমিক ব্যক্তিগত তথ্য
কেন ডিজিটাল স্বাস্থ্য নথি গুরুত্বপূর্ণ?
বর্তমানে স্বাস্থ্য পরিষেবা দ্রুত ডিজিটাল হচ্ছে। তাই চিকিৎসার নথি ডিজিটালভাবে সংরক্ষণ করলে রিপোর্ট হারিয়ে যাওয়ার ঝুঁকি কমে, একই পরীক্ষা বারবার করানোর প্রয়োজন পড়ে না এবং কাগজপত্রের ঝামেলাও কমে।
একই সঙ্গে চিকিৎসক রোগীর আগের চিকিৎসার ইতিহাস সহজে দেখতে পারেন, ফলে আরও সঠিক ও দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।



