0%

দু’বছরের গোপন আশ্রয়ের পর আত্মপ্রকাশ! ৫ আগস্ট কী বড় ঘোষণা করতে চলেছেন শেখ হাসিনা?

AK Bangla 24×7 Digital: বিগত দু’বছর ধরে ভারতে আত্মগোপন করে থাকার পর এই প্রথমবার জনসমক্ষে আসতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। নয়াদিল্লির স্যর মার্ক টালি অডিটোরিয়ামে আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং ক্লাবের সোশ্যাল মিডিয়াতেও তা সরাসরি সম্প্রচারিত হবে। ২০২৪ সালের এই ৫ আগস্টেই প্রবল ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তিনি। দেশছাড়ার ঠিক দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রকাশ্যে এসে বাংলাদেশে ফেরা ও একাধিক রাজনৈতিক ইস্যুতে তিনি বক্তব্য রাখবেন বলে খবর।

বাংলাদেশে গণহত্যা-সহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের সাজা ঝুলছে শেখ হাসিনার মাথার ওপর। জানা গিয়েছে, তিনি দেশে ফিরে আত্মসমর্পণেও রাজি, তবে বাংলাদেশের বর্তমান সরকার তাঁকে সেই সুযোগ দিতে নারাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের চিফ প্রোসিকিউটর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন পাওয়ার নজির নেই। তাই দেশে পা রাখা মাত্রই হাসিনাকে সরাসরি জেলে পাঠানো হবে। তা সত্ত্বেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার বার্তা দিয়ে রেখেছেন হাসিনা, আর সেই পরিকল্পনা নিয়েই তিনি এই মঞ্চে মুখ খুলতে পারেন বলে মনে করা হচ্ছে।

প্রাক্তন প্রধানমন্ত্রীর এই প্রত্যাবর্তনের অনুষ্ঠানে কেবল শেখ হাসিনাই নন, উপস্থিত থাকবেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাক্তন ক্রিকেটার ও সাংসদ শাকিব আল হাসান। তবে তাঁরা বক্তব্য রাখবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে বাংলাদেশ থেকে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতিতে ৫ আগস্টের মঞ্চ থেকেই মুজিবকন্যা কি দেশে ফেরার স্পষ্ট কোনো রূপরেখা প্রকাশ করবেন, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker