0%

বেগুনি রং বড্ড প্রিয়? পছন্দের রংই বলে দেবে আপনি কেমন মানুষ, জানাচ্ছে ‘কালার সাইকোলজি’

আমাদের প্রত্যেকেরই পছন্দের রং থাকে। সেই রঙের পোশাক ভালবাসি আমরা, কোনও জিনিসে সেই রং দেখলে তক্ষুনি ইচ্ছে করে তা কিনে ফেলতে। কিন্তু রং কি শুধু চোখের আরাম বা সৌন্দর্যের বিষয়? রঙের সঙ্গে জড়িয়ে থাকতে পারে মানুষের আবেগ, মানসিক অবস্থা ও ব্যক্তিত্বের নানা দিক। ‘কালার সাইকোলজি’তে (Colour Psychology) এমনটাই মনে করা হয়।
পছন্দের রংটি যদি হয় বেগুনি, তবে তা থেকে সহজেই বোঝা যায় মানুষটির চরিত্রের বৈশিষ্ট্য। কী বলছে কালার সাইকোলজি, জেনে নেওয়া যাক।

১. কল্পনাপ্রবণ ও সৃজনশীল
বেগুনি রঙের প্রতি আকর্ষণ রয়েছে যাঁদের, তাঁদেরকে সৃজনশীল মানসিকতার অধিকারী বলে মনে করা হয়। ছবি আঁকা, লেখালিখি কিংবা শিল্পের অন্যান্য শাখায় আগ্রহ থাকতে পারে তাঁদের। কোনও বিষয়কে অন্যের থেকে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখার প্রবণতাও থাকে। প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে বা তৈরি করতে ভালবাসেন এই মানুষেরা।

২. রহস্য ও গভীরতার প্রতি আকর্ষণ
এমন মানুষদের মধ্যে জীবনের গভীর অর্থ খোঁজার প্রবণতা থাকতে পারে। দর্শন, ধর্ম কিংবা মানুষের মন ও আচরণ সম্পর্কে জানার আগ্রহ তাঁদের টানে। কোনও কিছুকে উপর উপর না দেখে তার নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করতেও তাঁরা পছন্দ করেন।

৩. শান্ত, অথচ আত্মবিশ্বাসী
লাল রঙের সঙ্গে শক্তি ও উদ্যমের, এবং নীলের সঙ্গে শান্তির যোগ রয়েছে বলে প্রচলিত ধারণা। বেগুনি এই দুই রঙের মিশ্রণ হওয়ায় এর সঙ্গে শান্ত অথচ আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। যাঁরা বেগুনি পছন্দ করেন, তাঁদের মধ্যে নিজের লক্ষ্য নিয়ে দৃঢ়তা ও গভীর আবেগ থাকতে পারে।

৪. আবেগ বুঝতে পারার ক্ষমতা
নিজের অনুভূতি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যের আবেগও বুঝতে পারেন এমন মানুষদের সঙ্গে এই রঙের যোগসূত্রের কথা বলা হয়। সহমর্মিতা, সংবেদনশীলতা ও অন্যের পরিস্থিতি বোঝার চেষ্টা তাঁদের আচরণের গুরুত্বপূর্ণ দিক।

Love Purple? What Colour Psychology Says About You

৫. সৌন্দর্য ও আভিজাত্যের প্রতি অনুরাগ
ইতিহাসে বেগুনি রং রাজকীয়তা, ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে পরিচিত। সেই কারণেই এই রঙের সঙ্গে সৌন্দর্যবোধ ও আভিজাত্যের প্রতি আকর্ষণের সম্পর্ক টানা হয়। যাঁরা বেগুনি পছন্দ করেন, তাঁরা পোশাক, সাজসজ্জা কিংবা শিল্পকলার ক্ষেত্রে নান্দনিকতাকে বিশেষ গুরুত্ব দেন। সুন্দর ও পরিপাটি পরিবেশ তাঁদের ভাল লাগতে পারে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker