গান্ধীনগরে ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচিতে মনসুখ মান্ডব্য ও হর্ষ সাংভি

গান্ধীনগর, ২২ নভেম্বর : সংবিধান দিবসের থিমকে সামনে রেখে রবিবার গান্ধীনগরে অনুষ্ঠিত হল ফিট ইন্ডিয়া উদ্যোগের ৯৯তম ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচি। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক, ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য এবং গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি-সহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের চিন্তন শিবিরের অংশ হিসেবে গান্ধীনগরের দান্ডি কুটিরে এই কর্মসূচির আয়োজন করে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) আঞ্চলিক কেন্দ্র। সকাল ৬টা ৪৫ মিনিটে দান্ডি কুটিরের ২ নম্বর গেট থেকে সাইকেল যাত্রা শুরু হয়। অংশগ্রহণকারীরা দান্ডি কুটির-মহাত্মা মন্দির-দান্ডি কুটির রুটে সাইকেল চালান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মনসুখ মান্ডব্য বলেন, তাঁদের ছোট্ট একটি উদ্যোগ ধীরে ধীরে গোটা দেশের ফিটনেস মন্ত্রে পরিণত হয়েছে। দেশের যুবসমাজকে সাইকেল চালানোর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
মান্ডব্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন। সেই লক্ষ্য পূরণ করতে হলে দেশের মানুষকে সুস্থ ও ফিট থাকতে হবে। আর সুস্থ থাকার জন্য প্রত্যেকের স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন।
অন্যদিকে উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের প্রশংসা করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়ার সংকল্প বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য দীর্ঘদিন ধরে প্রতি রবিবার ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচির আয়োজন করে আসছেন। এর মাধ্যমে যুবসমাজকে ভোরে উঠে সাইকেল চালানোর পাশাপাশি শারীরিকভাবে সক্রিয় থাকার জন্য উৎসাহিত করা হচ্ছে। গান্ধীনগরে আয়োজিত ৯৯তম পর্বে বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেছেন বলেও জানান তিনি।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলা, শারীরিক সুস্থতা বৃদ্ধি এবং সংবিধান সম্পর্কে সচেতনতা তৈরি করা। পাশাপাশি সক্রিয় জীবনযাপন, দায়িত্বশীল নাগরিকত্ব ও সাংবিধানিক মূল্যবোধের মধ্যে সম্পর্ক তুলে ধরাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে মনসুখ মান্ডব্য এই উদ্যোগের সূচনা করেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া, নবাব্রতি ফাউন্ডেশন, ফিটস্পায়ার, সেন্টার ফর ইন্টিগ্রেটিভ হেলথ, এমওয়াই ভারত-সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় কর্মসূচিটি পরিচালিত হয়।
দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাইয়ের আঞ্চলিক কেন্দ্র, ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স, সাই ট্রেনিং সেন্টার এবং খেলো ইন্ডিয়া কেন্দ্রগুলির মাধ্যমে একই সময়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিদিনের জীবনে সাইকেল চালানো এবং অন্তত ৩০ মিনিট শারীরিক কসরত করার অভ্যাস গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। কর্মসূচির মূল বার্তা, ‘ফিটনেস কা ডোজ, আধা ঘণ্টা রোজ’।
_______



