0%

আরজেডি জমানায় বছরের পর বছর সেতুর অপেক্ষায় ছিলেন মানুষ, তেজস্বীকে পাল্টা আক্রমণ বিজেপি সাংসদের

 

 

নয়াদিল্লি, ২২ নভেম্বর : বিহারের কচ্ছি দরগাহ-বিডুপুর ছয় লেনের সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা তেজস্বী যাদবের মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল। তাঁর অভিযোগ, আরজেডি শাসনকালে ১৫ বছর ধরে রাঘোপুরের মানুষ একটি সেতুর জন্য অপেক্ষা করলেও তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ করেনি তেজস্বীর পরিবার।

 

তেজস্বীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সিগ্রিওয়াল বলেন, রাঘোপুরের মানুষের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও তেজস্বী যাদব তাঁর পরিবারের ১৫ বছরের শাসনকালে সেতু নির্মাণের উদ্যোগ নেননি।

 

তিনি বলেন, “যখন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং উদ্বোধনও হয়ে গিয়েছে, তখন তাঁরা কেন সেই সেতু দিয়ে যাতায়াত করছেন না? তেজস্বী রাঘোপুরের প্রতিনিধি হওয়া সত্ত্বেও কখনও সেখানে যাননি। বছরের পর বছর মানুষ সেতুর দাবি জানিয়ে এসেছেন। কিন্তু তিনি বা তাঁর বাবা-মা কেউই সেই দাবি পূরণ করেননি। ১৫ বছর ক্ষমতায় থেকেও তাঁরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি।”

 

বিজেপি সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, বিহারের উন্নয়নে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন। তাঁর দাবি, একসময় জঙ্গলরাজের পরিস্থিতিতে রাঘোপুরের মানুষ সেতুর দাবি জানালেও তাঁদের বিভ্রান্ত করা হয়েছিল। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী তাঁদের জন্য একটি অত্যাধুনিক সেতু উপহার দিয়েছেন।

 

সিগ্রিওয়ালের কথায়, বিডুপুর থেকে পাটনা যেতে আগে যেখানে কয়েক ঘণ্টা সময় লাগত, এখন সেই যাত্রা কয়েক মিনিটে সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী ১০০টি পিএম ই-বাসেরও উদ্বোধন করেছেন। বিহারের নয়টি জেলায় এই বাসগুলি চালু হলে দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে বলেও দাবি করেন তিনি।

 

উল্লেখ্য, শনিবার তেজস্বী যাদব কচ্ছি দরগাহ-বিডুপুর ছয় লেনের সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর দাবি, স্বাধীনতা সংগ্রামী ও সমাজতান্ত্রিক নেতা অক্ষয়বত রাইয়ের নামে সেতুটির নামকরণের দাবি তিনি আগেই জানিয়েছিলেন।

 

শুক্রবার সমাজমাধ্যমে দুটি পুরনো সরকারি নথি প্রকাশ করে নিজের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন তেজস্বী। প্রথম নথিটি ২৯ জানুয়ারির, যেখানে বিহারের বিধায়ক হিসেবে তিনি বৈশালীর স্বাধীনতা সংগ্রামী অক্ষয়বত রাইয়ের নামে সেতুটির নামকরণের আবেদন জানিয়েছিলেন। দ্বিতীয় নথিটি ২৭ ফেব্রুয়ারির, যেখানে বিহার বিধানসভার দ্বিতীয় অধিবেশনে সেতুটির নাম ‘অক্ষয়বত রাই সেতু’ রাখার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

 

তেজস্বীর প্রকাশ করা নথিতে ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজ্য সরকারের সড়ক নির্মাণ দফতরের একটি জবাবও রয়েছে। সেখানে জানানো হয়েছিল, শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিংয়ের নামে সেতুটির নামকরণের একটি প্রস্তাব ইতিমধ্যেই পাওয়া গিয়েছে এবং সেই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে।

 

এই নথিগুলি প্রকাশ করে তেজস্বী প্রশ্ন তুলেছিলেন, একাধিক বিশিষ্ট ব্যক্তির নামে সেতুর নামকরণের প্রস্তাব থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত কেন ‘নীতীশ সেতু’ নাম রাখা হল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker