টিভি সাক্ষাৎকারের সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন আর্জেন্টিনার পারেদেস, এখন কেমন আছেন?

টিভিতে সাক্ষাৎকার চলাকালীন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের হয়ে কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন হওয়ার পর টিভি সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। তবে এখন সুস্থ আছেন লিওনেল মেসির সতীর্থ।
দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব টুর্নামেন্টের ফাইনালে অ্যাটলেটিকো এমজি’র মুখোমুখি হয়েছিল বোকা জুনিয়র্স। সেখানে ২-০ গোলে জেতে আর্জেন্টিনার ক্লাব। শিরোপা জয়ের পর সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে টানেলে পড়ে যান। সাংবাদিক আটকানোর চেষ্টা করেও পারেননি। কয়েক সেকেন্ড পর জ্ঞান ফিরে পেলে নিজেই উঠে দাঁড়ান এবং হেঁটে দলের ড্রেসিংরুমে যান। ঘটনার পরপরই তাঁর চিকিৎসা শুরু হয়। তবে শারীরিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করার জন্য কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে তাঁকে কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
কলম্বিয়ার মাঠে প্রবল গরম ও আর্দ্রতার মধ্যে ফাইনালটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে গোটা মাঠজুড়ে খেলে ক্লান্ত হয়ে পড়েছিলেন পারেদেস। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে নিজেই বদলি হওয়ার অনুরোধ জানান। বদলি হওয়ার পর দেখা যায় সতীর্থরা নিজেদের জার্সি দিয়ে হাওয়া দিচ্ছেন। ঘাড়ের পিছনে আইসপ্যাকও দেখা যায়। মনে করা হচ্ছে, প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে রক্তচাপ কমে যাওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে।
তবে এখন ভালো আছেন পারেদেস। ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আমরা ভালো আছি। বোকা জুনিয়র্স জিন্দাবাদ।’ তাঁর এই বার্তায় কিছুটা স্বস্তি ফিরে আসে সমর্থকদের মধ্যে। উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য পারেদেস। ২০২৬-র ফাইনালেও দলে ছিলেন। ম্যাচের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। ১০ ম্যাচ নিষেধাজ্ঞা ও প্রায় ৮৪ লক্ষ টাকা জরিমানা হয়।
🚨 Leandro Paredes se desmayó en vivo mientras era entrevistado en DSports Afortunadamente ya se encuentra bien https://t.co/SXF4agpotB
— Boca Juniors – La Número 12 (@lanumero12comar) November 22, 2026
শেয়ার
লিংক



