0%

পাক ম্যাচ হারের জ্বালা দগদগে! বিধ্বংসী ডবল সেঞ্চুরির পর বৈভবের হুঙ্কার, ‘সেলিব্রেশন তোলা থাকল’

রেকর্ড গড়ে মাত্র ৫২ বলে ডবল সেঞ্চুরি! বৈভব সূর্যবংশীর সেঞ্চুরিতে ধুয়েমুছে গিয়েছে অতীতের সব নজির। এহেন ইনিংস খেলার পরও শান্ত ‘বেবি বস’। বাড়তি কোনও সেলিব্রেশন নেই। কেন? কারণ, জানে কাজ এখনও বাকি আছে। এখন সেলিব্রেশন নয়। সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছতে হবে। সেই সঙ্গে জানিয়ে দিল, আগের পাক ম্যাচে ব্যর্থতার জ্বালা এখনও দগদগে!

যুব এশিয়া কাপে সংযুক্ত আমিরশাহীর বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রান করেছে বৈভব। যা ‘লিস্ট এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডবল সেঞ্চুরির নজির। আগের দুই ম্যাচে রান পায়নি। তার মধ্যে পাকিস্তান ম্যাচে মাত্র ১১ রান করে। ভারত ম্যাচও হারে। সেই ব্যর্থতা ভুলতে নেমেছিল আমিরশাহী ম্যাচে। বৈভব বলছে, “আগের দুই ম্যাচে আমি ভালো শুরু করেও আউট হয়েছিলাম। আজ ব্যাট করতে যাওয়ার সময় বুঝতে পেরেছিলাম, বোলাররা এই পিচ থেকে সাহায্য পাবে না। তাই আজ আমার লক্ষ্য ছিল, বড় ইনিংস খেলব। আজ সেটা সম্ভব হয়েছে। তবে আমরা বেশি সেলিব্রেশন করব না। কারণ আমরা সেমিফাইনাল জেতার বিষয়ে আশাবাদী। আশা করছি সেই লড়াই জিতে ফাইনালে খেলব। চ্যাম্পিয়ন হওয়ার পর উৎসব করা যাবে।”

অন্যদিকে বৈভবকে নিয়ে ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বলছেন, “ওকে নিয়ে আর কী বলব! একেবারে ধ্বংসযজ্ঞ। আমরা মাঠের বাইরে বসে বলছিলাম, ‘আরও মার, আরও মার।’ এবার আমাদের সেমিফাইনাল জিততে হবে। আমরা তৈরি।” প্রতিপক্ষ অধিনায়ক রাসিল হামিদও বলছেন, “ওকে আটকানো অসম্ভব। এটা যে ঘটল, সেটা মানিয়ে নিতে কিছু সময় লাগবে।”

এদিন সেঞ্চুরি করতে ঠিক ২৮ বল নেয় বৈভব সূর্যবংশী। অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল ১৫ বছর বয়সি ক্রিকেটারের ব্যাটে। এরপর ডবল সেঞ্চুরি। সেটা এল ৫২ বলে। সেটাও রেকর্ড। অতীতে এরকম ব্যাটিং কী আগে দেখা গিয়েছে? মনে তো হয় না। যুব এশিয়া কাপে চার-ছক্কার বন্যায় ভাসিয়ে দিল আমিরশাহীকে। লক্ষ্য ২৫০ রান। আর বৈভব একাই তুলল ২০৪ রান। ৫০ ওভারের ক্রিকেটে ভারত জিতল ১৪.২ ওভারে। বৈভব তাণ্ডবে ম্যাচ জিতে সেমিফাইনালে ভারত।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker