আইপিএল নিলাম থেকে ‘ছাঁটাই’ মুস্তাফিজুর, চর্চায় একরাশ ভারতীয় তারকা, নাম লেখালেন মোট ক’জন?

গতবছর কেকেআরে থাকলেও ক্রিকেট বহির্ভূত কারণে শেষ পর্যন্ত বাদ পড়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার বাংলাদেশি ক্রিকেটার নিলামেই নেই। আইপিএল (IPL 2027) ফ্র্যাঞ্চাইজিগুলোকে নথিভুক্ত ক্রিকেটারদের নাম পাঠিয়েছে কর্তৃপক্ষ। এবার নিলামের (Auction) প্রাথমিক তালিকায় নাম আছে ১২২০ জন ক্রিকেটারের। সেখানে ২৮১ জন বিদেশির মধ্যে ১২ জন বাংলাদেশি। কিন্তু নেই মুস্তাফিজুর রহমান ও শাকিব আল হাসানের মতো তারকারা।
আগামী ১৬ ডিসেম্বর গোয়া আইপিএলের মিনি নিলাম। মোট ৯৩৯ জন ভারতীয় ক্রিকেটার নাম লিখিয়েছেন। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশিদের জন্য বরাদ্দ ২৫টি জায়গা। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে সেখানে মুস্তাফিজুর নেই। বাংলাদেশিদের মধ্যে আছেন- হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামিম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তৌহিদ হৃদয় ও মহম্মদ রুবেল।
ভারতের জার্সি পরে খেলা (ক্যাপড) মোট ১৮৪ জন ক্রিকেটার এবার নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে আছেন, আকাশ দীপ (১ কোটি), আভেশ খান (২ কোটি), দীপক চাহার (২ কোটি), দীপক হুডা (৭৫ লক্ষ), জয়দেব উনাদকাট (১ কোটি), করুণ নায়ার (৭৫ লক্ষ), উমেশ যাদব (১ কোটি), উমরান মালিকরা (৭৫ লক্ষ টাকা)। আছে সদ্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেরা প্লেয়ার আর্যবীর শেহওয়াগ। বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম ইংল্যান্ডের বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেটে ফোকাস করার জন্য গত আইপিএলে আসেননি তিনি। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, যে বিদেশি ক্রিকেটারেরা আইপিএলের মেগা নিলামে থাকেন না, তাঁদের মিনি নিলামে নাম লেখাতে দেওয়া হয় না। তবে স্টোকসকে বিশেষ অনুমতি দিয়েছে বিসিসিআই।
উল্লেখ্য, গত বছর মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে বিস্তর নাটক হয়েছে। ৯.২০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু শেষ মুহূর্তে বোর্ড নির্দেশ দেয় ফিজ-কে খেলাতে পারবে না নাইটরা। নিরাপত্তার কথা ভেবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জল অনেক দূর গড়ায়। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানোর দাবি তোলে বাংলাদেশ। তারপর নিজেরাই বিশ্বকাপ থেকে নাম তুলে নেয়।
শেয়ার
লিংক



