0%

LPG Cylinder Subsidy Rules: বদলে গেল LPG সিলিন্ডারের ভর্তুকির নিয়ম! বছরে ক’টা সিলিন্ডারে ভর্তুকি পাবেন?

নয়া দিল্লি: ইরান যুদ্ধের জেরে বাড়ছে সঙ্কট। পাল্লা দিয়ে বাড়ছে এলপিজি সিলিন্ডারের দামও। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ক্রমাগত বাড়ছে। দিন দুয়েক আগে বেড়েছে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামও। এর মধ্যে উজ্জ্বলা যোজনা প্রকল্পের নিয়মও বদলে গেল। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কারা এলপিজি সিলিন্ডার পিছু ভর্তুকি পাবেন? ক’টা সিলিন্ডারেই বা ভর্তুকি পাওয়া যাবে?  জেনে নিন নতুন নিয়ম-

উজ্জ্বলা যোজনার নিয়মে বদল-

কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হত। এবার কেন্দ্রীয় সরকার সাবসিডি বা ভর্তুকি যুক্ত সিলিন্ডারের সংখ্যা বছরে ৯টি থেকে কমিয়ে ৪টিতে নামিয়ে আনল। পশ্চিম এশিয়ার সঙ্কটের জেরে ভর্তুকি যুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।

কত ভর্তুকি পাওয়া যাবে?

আগে উজ্জ্বলা যোজনার উপভোক্তারা বছরে নয়টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পেতেন। অর্থাৎ বছরে মোট ২৭০০ টাকা ভর্তুকি পাওয়া যেত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার আর ৯টি নয়, ৪টি সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যাবে। অর্থাৎ বছরে ১২০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাবে। এর পরে কোনও সিলিন্ডার বুকিং করলে, তাদের পুরো দাম দিতে হবে।

১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা করে বেড়েছে। এরফলে এখন সিলিন্ডার কিনতে প্রায় ৯৫০ টাকা খরচ হচ্ছে। এই নিয়ে তিন মাসে দ্বিতীয়বার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। এর আগে মার্চ মাসে সিলিন্ডার পিছু ৬০ টাকা করে বেড়েছিল। আবার ২৯ টাকা বৃদ্ধি পাওয়ায় মোট ৮৯ টাকা বাড়ল গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম।

কারা ভর্তুকি পাবেন?

  • মহিলা আবেদনকারী হতে হবে।
  • ১৮ বছর বা তার ঊর্ধ্বে বয়স হতে হবে।
  • সরকারের দ্বারা দরিদ্র বা আর্থিকভাবে দুর্বল চিহ্নিত হতে হবে।
  • ২০১১ সালের জনসুমারিতে চিহ্নিত জাতি, জনজাতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা, অন্ত্যোদয় অন্ন যোজনার উপভোক্তা, চা বিক্রেতা, নদীর পাড়ে বা দ্বীপে থাকা বাসিন্দারা যারা কেন্দ্র বা রাজ্যের দ্বারা চিহ্নিত, তারাও এই ভর্তুকির সুবিধা পেতে পারেন।
  • আবেদনকারীর বাড়িতে আগে থেকে কোনও এলপিজি কানেকশন থাকবে না।
  • বৈধ আধার নম্বর ও অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে সাবসিডি ট্রান্সফারের জন্য।

উল্লেখ্য, ডিরেক্ট বেনেফিট ট্রান্সফারের মাধ্যমেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩০০ টাকা ভর্তুকি পাঠানো হবে।

কীভাবে নতুন এলপিজি সংযোগের জন্য আবেদন করবেন?

  • প্রথমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পোর্টালে গিয়ে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশন ট্যাবে ক্লিক করতে হবে।
  • এবার ইন্ডেন গ্যাস, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের মধ্যে থেকে নিজের পছন্দের ডিস্ট্রিবিউটর বেছে নিন।
  • এরপরে ইন্ডিয়ান অয়েলের পেজে রি-ডিরেক্ট করা হবে।
  • এবার নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করুন।
  • পরের ধাপে ভেরিফিকেশন ও ই-কেওয়াইসি পূরণ করে আবেদন সাবমিট করুন।

কী কী নথি লাগবে?

উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইল, রেশন কার্ড বা অন্য কোনও নথি, মোবাইল নম্বর লাগবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker