Paraguay: “ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো……” জার্মানিকে ছিটকে গিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে হুঙ্কার প্যারাগুয়ের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অঘটন ঘটেছে বিশ্বকাপের মঞ্চে। জার্মানির (Germany) মতো দলকে উড়িয়ে বিশ্বকাপের (FIFA World Cup 2026) শেষ ১৬ পর্বে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে (Paraguay)। ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলা দলটির বিরুদ্ধে চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা অতি সহজেই জয় পাবে, এমনটা আশা করেছিলেন অনেকেই। কিন্তু তাদের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে টাইব্রেকার অবধি খেলা নিয়ে গিয়ে ম্যাচ জেতে গুস্তাভো আলফারোর (Gustavo Alfaro) ছেলেরা।
চলতি বিশ্বকাপে প্যারাগুয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি। আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪-১ ফলে উড়ে গিয়েছিল তারা। কিন্তু তারপর কোনওক্রমে তুরস্ককে হারিয়ে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করে গ্রূপের তৃতীয় দল হিসেবে নক-আউটে পৌঁছে যায় প্যারাগুয়ে। আর তারপর জার্মানির বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্সটা মাঠের ওপর উপস্থাপন করে তারা।

জার্মানিকে হারানোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো বলেন, “আমাদের যোগ্যতাঅর্জন পর্বে ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দলের মুখোমুখি হই নিয়মিত। তারা জার্মানির মতোই বা হয়তো তাদের চেয়েও বেশি ঐতিহ্যশালী। তাদেরকে আটকাতে পারলে জার্মানিকে কেন পারবো না। কাজটা আমাদের জন্য সহজ ছিল না, কিন্তু আমরা করে দেখিয়েছি।”
আরও পড়ুন: ৩ ম্যাচে ৬ গোল, জর্ডানের বিরুদ্ধে ম্যাচেও বিশ্বরেকর্ড মেসির! অপরাজিত থেকে নক-আউটে আর্জেন্টিনা
এদিন জার্মানির বিরুদ্ধে টাইব্রেকারে দুটি শট বাঁচিয়ে ম্যাচের নায়ক হয়ে গিয়েছিলেন অরল্যান্ডো গিল। গোটা ম্যাচে ১২০ মিনিটে ৬টি শট বাঁচান তিনি। এরপর ম্যাচের সেরার পুরস্কারও ওঠে তার হাতে। পরবর্তী ম্যাচে ফ্রান্স বা সুইডেনের মুখোমুখি হওয়ার আগে দলের গোলরক্ষকের এই পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াবে ভক্তদের।
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে সূর্যাস্ত দেখলো সূর্যোদয়ের দেশ! জেদি জাপানকে টেক্কা দিয়ে শেষ ১৬-তে পৌঁছলো ব্রাজিল
প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ আরও বলেছেন, “যোগ্যতাঅর্জন পর্বের অভিজ্ঞতা আমাদের মানসিক ভাবে প্রস্তুত করে তুলেছিল এমন হাইভোল্টেজ ম্যাচের জন্য। সেখানে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়ার মতো দলের বিরুদ্ধে চাপের মুখে খেলে থাকি।” প্রসঙ্গত ২০২৪ সালে যোগ্যতাঅর্জন পর্বে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলকেই হারিয়েছিল প্যারাগুয়ে। ফলে বড় দলের বিরুদ্ধে সফলতা পাওয়ার অভ্যাস আগে থেকেই ছিল তাদের।




