0%

Sabyasachi Dutta Police Freeze Five Bank Accounts

সবদিক নিউজ: দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে এবার নতুন মোড়। তাঁর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করল পুলিশ। ওই অ্যাকাউন্টগুলির মধ্যে একটি তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের সঙ্গে যৌথ অ্যাকাউন্ট বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সব মিলিয়ে পাঁচটি অ্যাকাউন্টে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা রয়েছে। এই বিপুল টাকার উৎস কী, তা জানতে চাইছেন তদন্তকারীরা। টাকা বৈধ পথে এসেছে, নাকি বেআইনি উপায়ে জমা হয়েছে—সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তদন্ত চলাকালীন যাতে ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও লেনদেন করা না যায়, সেই কারণেই সেগুলি সিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে সব্যসাচী দত্তের স্ত্রী ইন্দ্রানী দত্তের খোঁজ মিলছে না বলে দাবি পুলিশের। তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেও আদালতে জানিয়েছে তদন্তকারীরা। কারণ, সিজ করা অ্যাকাউন্টগুলির মধ্যে একটি যৌথ অ্যাকাউন্ট হওয়ায় ইন্দ্রানীর কাছ থেকেও তথ্য জানতে চাইছে পুলিশ। অন্যদিকে, সব্যসাচীকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার বনগাঁয় তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর রাতেই নদিয়ার হরিণঘাটায় তাঁর শ্যালিকার স্বামীর বাড়িতে অভিযান চালায় পুলিশ।

Senior TMC leader Sabyasachi Dutta to join the BJP

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নদিয়ার হরিণঘাটা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গৌড়বঙ্গ রোড এলাকায় পৌঁছয় তদন্তকারী দল। স্থানীয় সূত্রে খবর, যে বাড়িতে তল্লাশি চালানো হয়, তার মালিক নিমাই ভৌমিক। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী। সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়েই ওই বাড়িতে প্রায় ১৫ মিনিট ধরে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি শেষে তাঁকে ফের কলকাতায় নিয়ে যাওয়া হয়। তৃণমূল থেকে বিজেপি, পরে ফের তৃণমূলে ফেরা সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগর উত্তর থানায় মামলা দায়ের হয় এবং পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ এবং একাধিক জায়গায় তল্লাশি ঘিরে তদন্ত আরও জোরদার হল বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker