0%

আর্টিস্টস ফোরামে পদত্যাগপত্র পাঠালেন দিগন্ত বাগচী, তারপর বললেন…

আর্টিস্টস ফোরামে পদত্যাগপত্র দিলেন অভিনেতা দিগন্ত বাগচী। এই মুহূর্তে শিল্পীদের ফোরামের প্রেসিডেন্ট রঞ্জিত মল্লিক। ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। TV9 বাংলাকে দিগন্ত বললেন, ”আমি রেজিগনেশন দিয়েছি। কারণটা ব্যক্তিগত। আমার মনে হচ্ছে না, এই মুহূর্তে এই ফোরামের কার্যকরী সদস্য হিসাবে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আমার নামে কিছু কথা রটানো হয়েছে। আমি নাকি বলেছি ‘৭মে-র পর আর্টিস্টস ফোরাম ভেঙে দেওয়া হবে’। সম্পূর্ণ মিথ্যা। কেউ যদি এমন বলে থাকেন, তাঁকে বলব, এসে প্রমাণ দেখাতে।” দিগন্ত এই ফোরামে সহকারী কোষাধ্যক্ষ পদে ছিলেন।

আর্টিস্টস ফোরামের কমিটি গঠন হওয়ার পর এই প্রথম কোনও ব্যক্তি রেজিগনেশন দিলেন। দিগন্তর দাবি, তিনি ১৪ ফেব্রুয়ারি রেগিজনেশন দিতে চেয়েছিলেন। তখন বাকিরা বলেন, কিছুদিন অপেক্ষা করে যেতে। এবার তাঁর রেজিগনেশন গৃহীত হয়েছে। নতুন কমিটি গঠন হওয়ার পর আর্টিস্ট ফোরামকে কিছু কড়া পদক্ষেপ করতে হয়েছে। শুটিংয়ে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যু হওয়ার পর ‘ম্য়াজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেয় এই ফোরাম। এদিকে সমাজ মাধ্যমে আর্টিস্টস ফোরামের সমালোচনা করেছেন অভিনেতা জীতু কমল।

দিগন্ত বাগচী ‍যোগ করেন, ‘’ ৮ ফেব্রুয়ারি আর্টিস্টস ফোরামের নির্বাচন হয়। আমি ১৪ ফেব্রুয়ারি রেজিগনেশন দিতে চাই। অনেক কিছু ঠিক লাগছিল না। কমিটিতে দুই-তৃতীয়াংশ সংখ‍্যা গরিষ্ঠতা ছিল না। তবে আমাকে তখনই রেজিগনেশন দিতে বারণ করার পর অপেক্ষা করি। রাহুলের (অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়ের) মৃত‍্যুর ঘটনায় জটিলতা বাড়ে। তবে এখন কিছুটা সময় কেটে গেলেও, পরিস্থিতি বদলায়নি। তাই রেজিগনেশন দিয়েছি।’

দিগন্ত সরে যাওয়ার পর সেই পদে কে আসবেন, তা এখনও জানানো হয়নি। এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি, আর্টিস্টস ফোরামের তরফে। ১০মে আর্টিস্টস ফোরামের একটি বৈঠক ছিল। সেখানে দিগন্ত বাগচীর রেজিগনেশনের বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলায় সরকার বদলের পর টলিপাড়ায় কাজের ধরনে কিছু পরিবর্তন আসবে। সেখানে আর্টিস্টস ফোরামের প্রতিটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker