চূড়ান্ত হয়েছে রাজ্যের নতুন মন্ত্রীদের তালিকা! কবে হবে নাম ঘোষণা?

বাংলা হান্ট ডেস্ক : বঙ্গে (West Bengal) বিজেপি সরকার (BJP Government) গঠনের পর থেকেই রাজ্যের রাজনৈতিক অন্দরে নজর ছিল পূর্ণাঙ্গ মন্ত্রীসভা কবে ঘোষণা করা হয় সেদিকে। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও এখনও হয়নি মন্ত্রীসভার সম্প্রসারণ। আর সেই কারণেই জল্পনা ক্রমশই তীব্র হচ্ছে।
রাজ্য (West Bengal) সরকারের মন্ত্রীসভায় জায়গা পাবেন কারা ?
মানুষের রায়ে এবার বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। গত ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন কলকাতার ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবেও শপথ নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। যদিও তখন পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠন করা হয়নি। সেই সময় থেকেই আলোচনা চলছিল খুব দ্রুত মন্ত্রীসভার সম্প্রসারণ হতে পারে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সেই ঘোষণা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে একাধিক দফায় উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে দপ্তর বণ্টন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, বেশ কয়েকটি নাম প্রায় চূড়ান্ত পর্যায়েও পৌঁছে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হতে পারে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ মে দিল্লি থেকে গুরুত্বপূর্ণ বার্তা ও অনুমোদন আসার সম্ভাবনা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের সম্প্রসারণে তরুণ নেতৃত্বকে যেমন সুযোগ দেওয়া হতে পারে, তেমনই সংগঠনে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ নেতাদেরও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং শহরাঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আলাদা করে নজর রাখা হচ্ছে বলেও শোনা যাচ্ছে। প্রশাসন ও সংগঠনের মধ্যে সমন্বয় আরও মজবুত করতেই এই পরিকল্পনা বলে মনে করছে রাজনৈতিক মহল। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে।

আরও পড়ুন : অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে ‘পরিবার’ নিয়েই সবচেয়ে বড় ধোঁয়াশা! কাদের নাম দিতে হবে জানেন?
রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে। কে কোন দপ্তরের দায়িত্ব পাবেন, কোন নেতা মন্ত্রীসভায় জায়গা পাবেন— এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এখন রাজ্যের নজর একটাই— নতুন মন্ত্রীসভায় কারা পাচ্ছেন জায়গা, আর কাদের হাতেই উঠতে চলেছে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব।




