0%

‘তিক্ত সত্যিটা…’,গম্ভীরের ‘অপছন্দে’ কেন বারবার বাদ বৈভব? মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা

এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ের নেপথ্যে তার যথেষ্ট অবদান ছিল। কিন্তু কোচ বদল হতেই পালটে গিয়েছে বৈভব সূর্যবংশীর ভাগ্যও। এখন রান করা তো দূর, প্রথম একাদশেও জায়গা হয়নি। বুধবার থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজেও ছবিটা পালটাবে কিনা বলা যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় তারকা মনে করছেন, বৈভবকে তিক্ত সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। জাতীয় দলের নীল নকশায় তাকে আদৌ রাখা হবে কিনা, সেটা তরুণ তুর্কিকে জানানো দরকার বলেই মনে করছেন প্রাক্তন স্পিনার।

পরিসংখ্যান বলছে, ভারতের হেডকোচ গৌতম গম্ভীরের অধীনে যতটা সুযোগ পেয়েছে এই কিশোর, তার তুলনায় অনেক বেশি ম্যাচে তাকে খেলিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান লক্ষ্মণ চলতি বছরে কয়েকটি প্রতিযোগিতায় গম্ভীরের পরিবর্তে দলের দায়িত্ব সামলেছেন। আর সেই সময়েই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ওপেন নেমেছিল বৈভব। কিন্তু কোচের হটসিটে গম্ভীর ফিরতেই বিস্ময় কিশোরের জায়গা হয়েছে বেঞ্চে। কারণ অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জুটিতে ভরসা রাখেন গম্ভীর।

এহেন পরিস্থিতিতে বৈভবকে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার মুরলী কার্তিক। তাঁর মতে, এই মুহূর্তে নিয়মিতভাবে ভারতীয় দলে বৈভবকে খেলানো সম্ভব নয়। কার্তিক বলছেন, “বৈভব দারুণ প্রতিভাবান। ওর খেলা দেখতে আমরা সকলেই মুখিয়ে থাকি। কিন্তু লোকে দেখতে চায় বলেই কাউকে জাতীয় দলে খেলতে নামিয়ে দেওয়া যায় না। আপাতত যাঁরা খেলছেন, তাঁদের প্রতি অন্যায় হবে। এই ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। কিন্তু কঠিন এই সত্যিটাই এবার বৈভবকে জানিয়ে দেওয়া দরকার।”

মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছে বৈভব। আটটি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ২৪৬ রান। স্ট্রাইক রেট ১৮৬। হেন সূর্যবংশীর ‘বৈভবে’ মুগ্ধ আসমুদ্রহিমাচল। মাত্র ১৫ বছর বয়সে তাঁর ব্যাটিং বিস্ময় জাগাচ্ছে গোটা ক্রিকেট বিশ্বে। কিন্তু প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই উদ্বিগ্ন বৈভবের সুযোগ না পাওয়ার বিষয়টি নিয়ে। বয়স কম বলেই কেন সুযোগ থেকে বঞ্চিত হবে বৈভব? প্রশ্ন রয়েছে ক্রিকেটমহলে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker