তীব্র দাহদাহের মাঝেই স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ধেয়ে আসছে কালবৈশাখী!

সবদিক নিউজ: দক্ষিণবঙ্গে এখন কার্যত আগুন ঝরাচ্ছে সূর্য। সকাল গড়াতেই বাড়ছে অস্বস্তিকর গরম, আর দুপুরের পর থেকে রাস্তাঘাট যেন তপ্ত চুল্লি। তবে এই দাবদাহের মাঝেও স্বস্তির ক্ষণিক ঝলক দেখাচ্ছে কালবৈশাখী। কোথাও বিকেলের দিকে, আবার কোথাও গভীর রাতে হঠাৎ করেই আকাশ কালো করে নামছে ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
তবে বৃষ্টির এই সাময়িক স্বস্তি গরম কমাতে পারবে না বলেই আশঙ্কা। আগামী এক সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শহর কলকাতায় পারদ ঘোরাফেরা করতে পারে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ১৯ মে পর্যন্ত বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি চললেও ভারী বর্ষণের কোনও সম্ভাবনা আপাতত নেই। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া একেবারেই ভিন্ন ছবি তুলে ধরছে। সেখানে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ এবং দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরের জেলাগুলিতে আগামী সাত দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।



