0%

ঘোর দুঃসময় পন্থের, দল জিতলেও মোটা অঙ্কের জরিমানা করল বিসিসিআই

সময় যেন কিছুতেই বদলাচ্ছে না লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থের জন্য। দীর্ঘদিন বাদে তাঁর ফ্র্যাঞ্চাইজি জয়ে ফিরল। কিন্তু সেই জয়ের সেলিব্রেশনের মধ্যেই দুঃসংবাদ পেলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। স্লো ওভাররেটের জন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হবে তাঁকে।

আসলে সার্বিকভাবেই পন্থ ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গত মরশুমে ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল লখনউ। কিন্তু সেভাবে ‘রিটার্ন’ দিতে পারেননি তিনি। গত মরশুমে একটি সেঞ্চুরি হাঁকালেও সার্বিকভাবে বিশ্রী ফর্মে ছিলেন। এই মরশুমে ফর্ম আরও খারাপ। দলকেও যে নেতৃত্ব দিতে পারছেন সেভাবে, তেমন নয়। এখনও তাঁর দল পয়েন্ট টেবিলের লাস্ট বয়। অনেক আগেই প্লেঅফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। এসবের মধ্যে খানিক চমকপ্রদভাবেই শুক্রবার রাতে চেন্নাইকে হারিয়েছে লখনউ। কিন্তু সেই জয়ের পরও দুঃসংবাদ। পন্থকে জরিমানা করল বিসিসিআই।

IPL 2026, CSK VS LSG: Chennai Super Kings vs Lucknow Super Giants match result 
চেন্নাইয়ের বিরুদ্ধে জয় লখনউয়ের। ফাইল ছবি।

আসলে বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনও দল সঠিক সময়ে নিজেদের ওভার শেষ করতে না পারলে সেই দলের অধিনায়ককে জরিমানা করা হয়। শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে সেই দোষেই দুষ্ট লখনউ। এই মরশুমে এই প্রথমবার সময়মতো ওভার শেষ করতে না পারার ‘অপরাধ’ করল পন্থের দল। তাই তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরে আবার এই একই ভুল করলে জরিমানার অঙ্ক বাড়বে বলে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার একপ্রকার অপ্রত্যাশিতভাবেই চেন্নাইকে হারিয়েছে লখনউ। প্রথমে ব্যাট করে ১৮৭-৫ স্কোর করেছিল চেন্নাই। এলএসজি পেসার আকাশ সিংয়ের (৩-২৬) দাপটে শুরুতে বেশ বিপাকে পড়ে তারা। সঞ্জু স্যামসন (২০), রুতুরাজ গায়কোয়াড় (১৭) ও উর্ভিল প্যাটেলকে (৬) ফেরান তিনি। ৫২-৩ স্কোর থেকে পাল্টা লড়াই করলেন কার্তিক শর্মা। ৪২ বলে ৭১ রানের ইনিংস খেললেন এই তরুণ। শেষদিকে ডিওয়াল্ড ব্রেভিস (২৫) ও শিবম দুবে (৩২ ন.আ.) রান পেয়েছেন। জবাবে শুরু থেকেই ঝড় তোলে মিচেল মার্শ (৯০) ও জশ ইঙ্গলিসের (৩৬) ওপেনিং জুটি। পাওয়ার প্লে-তে ৮৫ তোলেন তাঁরা। প্রথম উইকেটেই উঠে যায় ১৩৫, সাড়ে এগারো ওভারে। শেষে নিকোলাস পুরানের (৩২ ন.আ.) দাপটে ২০ বল হাতে রেখেই ১৮৮-৩ করে এলএসজি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker