বাংলায় ‘সেবাদূত’ কর্মসূচি শুরু করছে বিজেপি, মানুষের কাছে পৌঁছতে ২৫ দিনের উদ্যোগ

SOBDIK NEWS: বিজেপির (BJP) সাংগঠনিক কাজের পরিধি বাড়াতে এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে সরাসরি ময়দানে নামানো হচ্ছে দলের নেতা-কর্মীদের। তবে এই উদ্যোগে তাঁদের কাজ করতে হবে নিজের পরিচিত রাজনৈতিক এলাকায় নয়, সম্পূর্ণ অন্য বিধানসভা কেন্দ্রে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের দৈনন্দিন সমস্যা, সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অভিজ্ঞতা এবং বঞ্চনার অভিযোগ জানার দায়িত্ব দেওয়া হবে। শুধু কয়েক ঘণ্টার কর্মসূচি পালন করেই ফিরে আসা যাবে না, প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় রাত কাটিয়েও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে।
জনসংযোগ বাড়াতে বিজেপির (BJP) সেবাদূত কর্মসূচি
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে ‘সেবাদূত’ কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচির বাংলা-পর্ব কীভাবে পরিচালিত হবে, তা ঠিক করতে শনিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্য নেতৃত্বের বৈঠক হয়। সেখানে শহরের চারটি সাংগঠনিক জেলা—উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম এবং যাদবপুরের নেতারা অংশ নেন। এই কর্মসূচিতে জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বকে তাঁদের নিজস্ব নির্বাচনী এলাকার বাইরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। অন্য এলাকার মানুষের সঙ্গে পরিচিত হওয়া, তাঁদের বক্তব্য শোনা এবং সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও বাধা রয়েছে কি না, তা জানাই হবে তাঁদের কাজ। বিশেষ করে, যাঁদের সরকারি প্রকল্পের আওতায় আসার কথা থাকলেও কোনও কারণে সুবিধা পৌঁছয়নি, তাঁদের পরিস্থিতি খতিয়ে দেখা হবে।
কোথায় আবেদন আটকে রয়েছে, কারা প্রকৃত সুবিধা পাচ্ছেন না কিংবা সমস্যার পিছনে কী কারণ রয়েছে—সেই সমস্ত তথ্য সংগ্রহের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এই দায়িত্ব পালনের জন্য কোন নেতা বা কার্যকর্তাকে কোন এলাকায় পাঠানো হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানান, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একজন করে দলীয় কার্যকর্তাকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কেউ বাদ পড়েছেন কি না, বাদ পড়ে থাকলে তার কারণ কী—সেই বিষয়গুলি খুঁজে দেখবেন তাঁরা। দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় দলের কোনও কর্মীর বাড়িতে থাকবেন।
আরও পড়ুন : সুরায় মজে গোটা দেশ, একমাত্র ‘সাধু’ বাংলা! চমকপ্রদ রিপোর্ট কেন্দ্রের
শমীক ভট্টাচার্য বলেন, “আমরা বিধায়ক বা সাংসদকে পাঠাচ্ছি না এই কর্মসূচিতে। যাঁরা যাবেন তাঁরা ২৫ তারিখের পর ফিরবেন। ২৭ তারিখ ‘মন কি বাত’।” কর্মসূচির উদ্দেশ্য নিয়ে ব্যাখ্যা দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “আমরা সাধারণ মানুষের কাছে যাব। প্রত্যেক বিধানসভায় বিধায়কের অফিসে ক্যাম্প হচ্ছে। সেখান থেকে ফিড ব্যাক নিয়ে সরকারকে জানানো হবে। সরকারের কাজ মনিটরিং, এর জন্য এই কর্মসূচি নয়। সরকারি প্রকল্প তারা যেন পায় সেটা জানানো।” এই কর্মসূচিকে সরকারি প্রকল্পের পর্যালোচনার বদলে সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছনোর ক্ষেত্রে বাধা, চিহ্নিত করার উদ্যোগ হিসেবেই তুলে ধরছে বিজেপি।



