0%

রোনাল্ডোর জন্যই পর্তুগাল ব্যর্থ! ‘শিক্ষা’ নিয়ে ড্রেসিংরুমে তারকা বর্জনের ডাক ফরাসি কোচের

হয়তো তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন। কিন্তু তাঁর নামও তো কিলিয়ান এমবাপে। ফলে তাঁর ‘তারকা ইমেজ’ নিয়ে যে ফরাসি ড্রেসিংরুমে আলাদা বৃত্ত তৈরি হতে পারে, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। অন্তত এমবাপেকে ঘিরে ফরাসি ড্রেসিংরুমের অতীত ইতিহাস তো সেরকমই বলে। ফলে কোচ দিদিয়ের দেশঁ কোনওরকম ঝুঁকি না নিয়ে তাড়াতাড়ি করে হস্তক্ষেপ করেছেন, ড্রেসিংরুমের খবর বলে চারিদিকে যা প্রকাশিত হচ্ছে, তা থামানোর জন্য।

পর্তুগাল বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তারকা ইমেজ নিয়ে যেভাবে খবর প্রকাশিত হচ্ছে, ফরাসি কোচের মনে যে তাতে দুশ্চিন্তার মেঘ তৈরি হতে পারে, এটাই স্বাভাবিক। কারণ, দলের ফর্মেশন তৈরি নিয়ে তাঁর এবং এমবাপের যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে, সে কথা এখন আর লুকিয়ে নেই। বিশেষ করে প্যারাগুয়ের বিরুদ্ধে কোনওমতে ‘এক’ গোলে জয়ের পর, যেভাবে মিক্সড জোনে এসে ‘রাজনীতি’ শব্দটি উল্লেখ করেছেন, তাতেই ড্রেসিংরুমে অনেকে ‘বিপদ’ এর গন্ধ পাচ্ছেন। আর সেই কারণেই দেশঁ-এর তড়িঘড়ি হস্তক্ষেপ। সামনেই মরক্কো। যাদের এখন আর ‘চমক’ এর দল বলা যায় না। বিশ্বকাপে তারা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। সেই মরক্কো ম্যাচের আগে ড্রেসিংরুমের একাত্মতা ঠিক রাখার জন্য দেশঁ ফুটবলারদের কড়া বার্তা দিয়ে বলেছেন, দল যেন কোনও একক ফুটবলারের উপর নির্ভরশীল হয়ে জেতার পরিকল্পনা না করে। জিততে হলে সবাইকে দল হিসাবে খেলতে হবে।

মুখে না বললেও বার্তাটা যে ফরাসি কোচ কাকে উদ্দেশ্য করে দিয়েছেন, বলাই বাহুল্য। অথচ, এই কিছুদিন আগেই মাতৃবিয়োগের শেষকৃত্য করে দেশঁ যখন ফ্রান্স থেকে ফিরলেন, তখন এমবাপে গোল করে এক ছুটে ডাগআউটে গিয়ে জড়িয়ে ধরেছিলেন কোচকে। ম্যাচটা উৎসর্গ করেছিলেন কোচকে। সারা বিশ্ব দেখেছিল, কোচের ব্যক্তিগত শোকের মুহূর্তে এমবাপের নেতৃত্বে কীভাবে পুরো ফ্রান্স দল এককাট্টা। কিন্তু প্যারাগুয়ে ম্যাচের পর যেভাবে এমবাপে বক্তব্য রেখেছেন, তাতেই অনেকে প্রমাদ গুনেছেন।

দেশঁ যে শুধুই দলগত শক্তি নিয়ে খেলার ব্যাপারে বার্তা দিয়েই থেমে গিয়েছেন এরকম নয়। সরাসরি জানিয়ে দিয়েছেন, মরক্কো ম্যাচ জিততে গেলে উসমান দেম্বেলে, ব্র্যাডলি বার্কোলাদেরও প্রচুর দায়িত্ব নিতে হবে। তবে মরক্কোর হার্ডল টপকাতে গেলে শুধুই যে আক্রমণে নির্ভর করতে হবে সেরকমটাও নয়। দেশঁ বারবার করে তাঁর ডিফেন্ডারদের নামও উল্লেখ করেছেন বলেই খবর। বিশেষ, করে সালিবা আর কুন্দের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এমন নয় যে, রোনাল্ডোর তারকা ইমেজ বহন করতে গিয়ে যেভাবে পর্তুগাল ড্রেসিংরুমে বিভেদের সৃষ্টি হয়েছিল, ফরাসি ড্রেসিংরুমেও সেরকমই রব।

তবুও দেশঁ মরক্কো ম্যাচের আগে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না। বিশেষ করে দেম্বেলে আর এমবাপেকে কেন্দ্র করে ড্রেসিংরুমে কোনও ভুল বোঝাবুঝি তৈরি হোক তিনি চান না। আসলে উইং থেকে খেলতে পছন্দ করা এমবাপেকে নতুন সিস্টেমে ইনসাইডে খেলাতে চাইছেন কোচ। সমস্যাটা শুরু হয়েছে এখান থেকেই। সেই কারণেই দেশঁ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি শুধু এমবাপের কথা চিন্তা করে দলের ফর্মেশন তৈরি করছেন না। কোন ফর্মেশনে গেলে ফ্রান্স ফাইনালে যেতে পারে, সেই কথাই শুধু ভাবছেন। বলাই বাহুল্য দেশঁর এই বক্তব্যর পর নতুন করে আর কোনও বক্তব্য রাখেননি ফরাসি অধিনায়ক এমবাপে। হয়তো রাগের বহিঃপ্রকাশ মরক্কোর বিরুদ্ধে মাঠেই দেখাতে চান তিনি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker