0%

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জানুন আপনার জেলার আবহাওয়ার খবর

সবদিক নিউজ: চৈত্রের গরমের দাপট থিতু হওয়ার আগেই বঙ্গে ফের দুর্যোগের ঘনঘটা। বুধবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই প্রবল ঝড়-বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে একই জায়গায় অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা। এই জোড়া ফলার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, যার ফলে গোটা বাংলাজুড়ে এক অস্থির আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। উত্তরবঙ্গে এই বৃষ্টির দাপট বৃহস্পতিবারও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও স্বস্তির বদলে দুর্যোগের আশঙ্কাই বেশি। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলোতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আপাতত রোদের তেজ কমলেও ঝড়-বৃষ্টির দাপটে সাধারণ মানুষের জনজীবন কিছুটা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker