গঙ্গারামপুরে তৃণমূল কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার কলেজকর্মী

সবদিক নিউজ: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। ঘটনায় সুমন সাহা নামে এক ব্যক্তিকে গ্রফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুর শহরের মধ্য সাহাপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সুমন সাহার বয়স ৩৪ বছর। তিনি গঙ্গারামপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের মধ্য সাহাপাড়া এলাকার বাসিন্দা। পাশাপাশি গঙ্গারামপুর কলেজের অস্থায়ী কর্মী হিসেবেও কাজ করতেন বলে জানা গিয়েছে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে কলেজ চত্বর থেকেই তাঁকে আটক করে গঙ্গারামপুর থানার পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, তল্লাশি চলাকালীন বাড়ি থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলেছেন, কীভাবে ওই আগ্নেয়াস্ত্র অভিযুক্তের কাছে এল এবং এর পিছনে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না। গঙ্গারামপুর থানার আইসি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। ধৃতকে গ্রফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এল এবং এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।



