FIFA World Cup 2026: আজ থেকে শুরু বিশ্বকাপ! ফেভারিট হিসেবে নামছে কোন দলগুলি? কে জিতবে সেরার খেতাব? জানুন বিস্তারিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষার অবসান। ৪২ মাস পরে ফের একবার আজ রাত থেকে বেজে উঠতে চলেছে বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) দামামা। মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্যে দিয়ে আরম্ভ হতে চলেছে এবারের বিশ্বকাপ। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে আরম্ভ হবে এই ম্যাচ। জি ফাইভ অ্যাপ ছাড়াও টিভিতে ইউনাইটেড স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত চ্যানেলগুলিতে এই ম্যাচের মজা নিতে পারবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
ফেভারিট হিসেবে মাঠে নামছে কারা:
ফুটবল বিশ্বকাপের ফাইনালিস্ট দল আর্জেন্টিনা এবং ফ্রান্স এবারও বিশ্বকাপের খেতাব জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার। আর্জেন্টিনা গতবারের স্কোয়াড থেকে ১৭ জন ফুটবলারকে ধরে রেখেছে। নতুন মুখ হিসেবে নিকো পাজ, আলমাদার মতো তরুণ তারকারা দলে সামিল হয়েছেন। ইতালি এবং ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্ব সেরা খেতাব নিজেদের দখলে রাখার চেষ্টা করবেন মেসিরা।

অপরদিকে ফ্রান্সের আক্রমণে প্রতিভার ছড়াছড়ি। এমবাপ্পের মতো মহাতারকার পাশাপাশি বারকোলা, ডিউ, ডেম্বেলে, ওলিসেরা নিজ নিজ ক্লাবের হয়ে গোটা মরশুমে অসাধারণ ফুটবল খেলেছেন। মাঝমাঠেও অসাধারণ ভারসাম্য প্রদান করবেন চেরকি, এমরি, কান্তেরা। রক্ষণে কোনাতে, উপমেকানো, স্যালিবারা রয়েছেন অসাধারণ ছন্দে। সব মিলিয়ে খাতায়-কলমে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে ফ্রান্স।
আরও পড়ুন: বিশ্বকাপ জেতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ! ব্রাজিলকে ছোঁয়ার লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা?
নজর থাকবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং হ্যারি কেনের ইংল্যান্ডের ওপরেও। মাঝমাঠ এবং রক্ষণে একাধিক মহাতারকা নিয়ে মাঠে নামবে পর্তুগাল। যদিও গোলের জন্য তাদের এখনও প্রধান ভরসা হবেন রোনাল্ডোই। তিনি অফ ফর্মে থাকলে গোল পেতে অসুবিধা হতে পারে ২০২৫ সালের নেশনস লিগ জয়ীদের। অপরদিকে ইংল্যান্ডের নতুন জার্মান কোচ টমাস টুখেল দল গঠন করেছেন বর্তমান ফরম মাথায় রেখে। বেশ কিছু বড় তারকাকে দল থেকে ছেঁটে ফেলেছেন তিনি। গতবার বিশ্বকাপের সেমিফাইনাল এবং শেষ দুই ইউরো কাপে ফাইনাল খেলেও ট্রফি আসেনি ইংল্যান্ডের দখলে। এবার মরণ কামড় দেবেন হ্যারি কেনরা।
এই বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকবে অনেকগুলি নাম। লাভ ফুটবলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। কিন্তু গত দুই বিশ্বকাপের মতো এবারও ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে আরো একবার জ্বলে উঠতে মরিয়া থাকবেন তিনি। সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকবেন পর্তুগালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মিডফিল্ডার ভিটিনহা এবং স্পেনের তরুণ প্রতিভাবান ১৮ বছর বয়সী লামিন ইয়ামালও। পর্তুগিজ মিড ফিল্ডার এইমুহূর্তে নিজের আত্মবিশ্বাসের তঙ্গে রয়েছেন। অপরদিকে গত মরশুমের শেষে স্পেনের হয়ে নেশনস লীগ জিততে না পারার যন্ত্রণা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন লামিন।




