পাসপোর্ট তৈরি ও রিনিউর খরচ বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের! কবে থেকে লাগু নতুন ফি?

সবদিক নিউজ:বিদেশ সফর থেকে শুরু করে পড়াশোনা, চাকরি বা চিকিৎসার প্রয়োজনে, এখন বহু ভারতীয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল পাসপোর্ট (Passport)। এবার সেই পাসপোর্ট তৈরি ও পুনর্নবীকরণের খরচ বিপুল হারে বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুলাই থেকেই নতুন এই ফি কাঠামো কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে। ১৯৮০ সালের পাসপোর্ট নিয়মে সংশোধন এনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে শেষবার ২০১২ সালে এই খরচ সংশোধন করা হয়েছিল। অর্থাৎ প্রায় ১৪ বছর পর পাসপোর্টের ফি ফের বাড়ানো হল। নতুন নিয়ম কার্যকর হলে সাধারণ আবেদনকারী থেকে শুরু করে তৎকাল পরিষেবা ব্যবহারকারীদেরও আগের তুলনায় বেশ খানিকটা টাকাই খরচ করতে হবে।
পাসপোর্ট (Passport) তৈরি ও রিনিউর খরচ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার!
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ৩৬ পাতার সাধারণ পাসপোর্ট (Passport) তৈরির ফি ১,৫০০ টাকা থেকে বেড়ে এখন ২,৫০০ টাকা হচ্ছে। অর্থাৎ এক ধাক্কায় ১,০০০ টাকা বেশি দিতে হবে আবেদনকারীদের। একইভাবে তৎকাল পরিষেবার পাসপোর্ট তৈরি করতে এতদিন ৩,৫০০ টাকা লাগলেও ১ জুলাই থেকে সেই খরচ বেড়ে হবে ৫,০০০ টাকা। পাশাপাশি ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রেও ফি বেশ কিছুটা বাড়ানো হয়েছে। এই পাসপোর্টের জন্য আগে যেখানে ২,০০০ টাকা দিতে হত, এখন সেখানে গুনতে হবে ৩,৫০০ টাকা। আর তৎকাল পরিষেবার ক্ষেত্রে ফি ৪,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৬,০০০ টাকায়। ফলে যাঁরা দ্রুত পাসপোর্ট পেতে চান, তাঁদের জন্য খরচ আরও বাড়ছে।
পুজোর আগেই লটারি! রাজ্য সরকারি কর্মীদের ২০% DA বৃদ্ধিতে কতটা বাড়বে বেতন? দেখে নিন
তবে এক্ষেত্রে, সবচেয়ে বেশি প্রভাব পড়বে যাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রের এই নতুন নিয়ম অনুযায়ী, ৩৬ পাতার হারানো বা নষ্ট হয়ে যাওয়া পাসপোর্ট পুনরায় পেতে আবেদনকারীদের খরচ করতে হবে ৫,০০০ টাকা। একই পরিষেবা তৎকাল ভিত্তিতে নিতে চাইলে সেখানে খৎচ করতে হবে ৭,৫০০ টাকা। স্বাভাবিকভাবেই সেখানে ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রে এই খরচ আরও বেশি। সাধারণ আবেদনে লাগবে ৬,০০০ টাকা এবং তৎকাল পরিষেবার মাধ্যমে নতুন পাসপোর্ট পেতে খরচ হবে ৮,৫০০ টাকা। এছাড়াও নাবালক আবেদনকারীদের ক্ষেত্রে পুনর্নবীকরণের ফিও বাড়ানো হয়েছে। পাসপোর্ট হারালে বা ক্ষতিগ্রস্ত হলে তাঁদের ক্ষেত্রে পুনর্নবীকরণে লাগবে ৪,২৫০ টাকা এবং তৎকাল পরিষেবার জন্য খরচ হবে ৬,৭৫০ টাকা।
তবে ফি বাড়লেও পাসপোর্টের বৈধতার মেয়াদে কিন্তু কোনও পরিবর্তন আনা হয়নি। প্রাপ্তবয়স্কদের জন্য আগের মতোই পাসপোর্টের মেয়াদ থাকবে ১০ বছর ওং নাবালকদের ক্ষেত্রে পাসপোর্টের বৈধতা পূর্বের ন্যায় পাঁচ বছরই থাকবে। তবে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই যদি আবেদনকারীর বয়স ১৮ বছর হয়ে যায়, তাহলে তাঁকে নতুন করে প্রাপ্তবয়স্কদের পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। এই নিয়ম আগের মতোই বহাল থাকছে। ফলে ফি বৃদ্ধি হলেও বৈধতার সময়সীমা বা নবীকরণের মৌলিক নিয়মে আপাতত কোনও পরিবর্তন হয়নি।

ইলিশে সরগরম ডায়মন্ডহারবার, কেজি প্রতি কত দামে বিক্রি হচ্ছে মাছ?
সরকারের তরফে এই নিয়ে জানানো হয়েছে যে, পাসপোর্ট (Passport) পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত, উন্নতমানের এবং নিরাপদ করে তুলতেই এই সংশোধিত ফি কাঠামো কার্যকর করা হচ্ছে। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে অর্থাৎ ১ জুলাইয়ের, যারা পাসপোর্টের জন্য আবেদন করার পরিকল্পনা করছেন তারা যদি শীঘ্রই আবেদন করে ফেলেন তবে তাঁরা কিন্তু আর্থিকভাবে লাভবানই হবেন। কারণ নতুন নিয়ম চালু হওয়ার পর প্রায় সব ধরনের আবেদনেই আগের তুলনায় অনেকটা পরিমাণ বেশি অর্থ ব্যয় করতে হবে। ফলে বিদেশ সফরের পরিকল্পনা থাকলে বা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার মুখে থাকলে আবেদনকারীদের সময় নষ্ট না করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন ওয়াকিবহাল মহল।




