উবেরে আরও জোর নিরাপত্তায়, চালু হল ‘রেকর্ড মাই রাইড’ ও অ্যাম্বুল্যান্স সহায়তা পরিষেবা

নয়াদিল্লি: যাত্রী ও চালকদের নিরাপত্তা আরও জোরদার করতে একগুচ্ছ নতুন এবং শিল্পে প্রথমবারের মতো নিরাপত্তা ফিচার চালু করল উবের। মঙ্গলবার সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে চালকরা প্রয়োজনে অ্যাপের মাধ্যমেই নিজেদের মোবাইল ব্যবহার করে গাড়ির ভিতরের ভিডিও নিরাপদ ও এনক্রিপ্টেড পদ্ধতিতে রেকর্ড করতে পারবেন। পাশাপাশি দুর্ঘটনার সময় দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মেডিক্যাল লজিস্টিক্স সংস্থা ডায়াল ৪২৪২ (Dial 4242)-এর সঙ্গে যৌথ উদ্যোগে চালু করা হয়েছে অ্যাম্বুল্যান্স অ্যাসিস্ট্যান্স পরিষেবা।
উবের জানিয়েছে, গত কয়েক বছরে সংস্থা একাধিক নিরাপত্তা ফিচার চালু করেছে। এর মধ্যে রয়েছে অডিও রেকর্ডিং, উইমেন রাইডার প্রেফারেন্স, হেলমেট সেলফি ভেরিফিকেশন এবং সিটবেল্ট রিমাইন্ডার-এর মতো উদ্যোগ। নতুন ফিচারগুলিও সেই নিরাপত্তা ব্যবস্থাকেই আরও শক্তিশালী করবে।
– বিজ্ঞাপন –
‘রেকর্ড মাই রাইড’ কী?
উবেরের নতুন ‘রেকর্ড মাই রাইড’ ফিচারের মাধ্যমে চালকরা যদি কোনও যাত্রার সময় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন, তাহলে তাঁরা নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে গাড়ির ভিতরের ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এই ভিডিও সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড থাকবে। অর্থাৎ, চালক বা উবের— কেউই সরাসরি সেই ভিডিও দেখতে পারবেন না। শুধুমাত্র নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ দায়ের করার ক্ষেত্রে চালক চাইলে সেই রেকর্ডিং জমা দিতে পারবেন।
দুর্ঘটনায় দ্রুত অ্যাম্বুল্যান্স পরিষেবা
জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ডায়াল ৪২৪২-এর সঙ্গে যৌথভাবে অ্যাম্বুল্যান্স অ্যাসিস্ট্যান্স পরিষেবা চালু করেছে উবের। কোনও দুর্ঘটনা ঘটলে যাত্রী বা চালক উবেরের বিদ্যমান ২৪ ঘণ্টার সেফটি লাইনের মাধ্যমে সরাসরি অ্যাম্বুল্যান্স পরিষেবার জন্য আবেদন করতে পারবেন।
গাড়ি চলার সময় টাইপিংয়ে নিষেধাজ্ঞা
বিভ্রান্ত হয়ে গাড়ি চালানো রুখতে উবেরের চালক অ্যাপে নতুন ‘ডোন্ট টাইপ অ্যান্ড ড্রাইভ’ ফিচার যুক্ত করা হয়েছে। এই ব্যবস্থায় গাড়ি চলমান অবস্থায় চালকরা অ্যাপের মাধ্যমে হাতে টাইপ করতে পারবেন না। কোনও বার্তার উত্তর দিতে হলে আগে নিরাপদ স্থানে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হবে।
এবার নিজেই তৈরি করা যাবে ট্রিপ পিন
যাত্রীদের নিরাপত্তা আরও বাড়াতে নতুন ‘সেট ইওর ওন পিন’ ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা নিজেদের পছন্দের ট্রিপ ভেরিফিকেশন পিন তৈরি ও নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে প্রতিটি যাত্রা শুরুর আগে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের সুযোগ মিলবে।
বিজ্ঞাপন
কী বললেন নীতিন গড়করি?
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন,
“ট্রাফিক আইন মেনে চলা, সিটবেল্ট ও হেলমেট ব্যবহার— এই সাধারণ বিষয়গুলিই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রযুক্তি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সড়ককে আরও নিরাপদ করতে সাহায্য করতে পারে। সড়ক সুরক্ষা অভিযানে উবেরের উদ্যোগ এবং নতুন নিরাপত্তা ফিচারগুলিকে আমি স্বাগত জানাই।”
নিরাপত্তাই এখন প্রধান লক্ষ্য
উবের ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার সেফটি অপারেশনস প্রধান সুরজ নায়ার জানিয়েছেন,
“আজ যা নতুন, আগামী দিনে সেটাই সাধারণ প্রত্যাশায় পরিণত হয়। নিরাপত্তার ক্ষেত্রেও আমাদের লক্ষ্য সেটাই। নিরাপত্তা যেন কোনও আলাদা বৈশিষ্ট্য না হয়ে শিল্পের সাধারণ মানদণ্ড হয়ে ওঠে, সেটাই আমাদের উদ্দেশ্য।”
উবেরের দাবি, রাইডচেক, ২৪x৭ সেফটি লাইন, সেফটি প্রেফারেন্স, ফোন ও ঠিকানা গোপন রাখার সুবিধা-সহ একাধিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যাত্রী ও চালকদের জন্য আরও নিরাপদ পরিবহণ পরিষেবা গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে সংস্থা।



